ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি: ট্রাম্পের বড় ঘোষণা, নেপথ্যে পাকিস্তানের মধ্যস্থতা

0
ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি: ট্রাম্পের বড় ঘোষণা, নেপথ্যে পাকিস্তানের মধ্যস্থতা

আন্তরজাতিক ডেস্কঃ মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে এক নাটকীয় মোড় নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার মাত্র এক ঘণ্টা আগে ইরানের সঙ্গে দুই সপ্তাহের দ্বিপাক্ষিক যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন তিনি। পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানের অনুরোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ট্রাম্প।

বুধবার (৮ এপ্রিল) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, তিনি ইরানের ওপর পরিকল্পিত ধ্বংসাত্মক সামরিক হামলা দুই সপ্তাহের জন্য স্থগিত করতে সম্মত হয়েছেন। তবে এই যুদ্ধবিরতির জন্য তিনি একটি কঠোর শর্ত জুড়ে দিয়েছেন: “ইসলামী প্রজাতন্ত্র ইরানকে হরমুজ প্রণালি সম্পূর্ণ, তাৎক্ষণিক এবং নিরাপদভাবে খুলে দিতে হবে। এই শর্ত পূরণ হলে পরবর্তী দুই সপ্তাহ কোনো বোমাবর্ষণ বা সামরিক হামলা চালানো হবে না।”

প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন যে, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে তাদের সামরিক লক্ষ্যমাত্রা অর্জন করেছে। তিনি বলেন, “আমরা ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদী শান্তি এবং মধ্যপ্রাচ্যে একটি চূড়ান্ত শান্তিচুক্তির পথে অনেক দূর এগিয়ে গেছি।”

এই যুদ্ধবিরতি কার্যকরে অনুঘটক হিসেবে কাজ করেছে পাকিস্তান। ডোনাল্ড ট্রাম্প নিজেই উল্লেখ করেছেন যে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং ফিল্ড মার্শাল আসিম মুনিরের বিশেষ অনুরোধে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

এর আগে মঙ্গলবার (৭ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ শাহবাজ শরিফ ট্রাম্পকে অনুরোধ জানান: কূটনৈতিক আলোচনার সফল পরিণতির জন্য ট্রাম্পকে চুক্তির সময়সীমা আরও দুই সপ্তাহ বাড়ানোর অনুরোধ করেন। তেহরানকে সদিচ্ছা হিসেবে হরমুজ প্রণালি খোলা রাখার আহ্বান জানান তিনি। শাহবাজ শরিফের মতে, চলমান কূটনৈতিক প্রচেষ্টা অত্যন্ত আশাব্যঞ্জক এবং এর মাধ্যমে মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি সম্ভব।

ট্রাম্পের পোস্টে উঠে এসেছে একটি গুরুত্বপূর্ণ মোড়। তিনি জানিয়েছেন, ইরানের পক্ষ থেকে একটি ১০ দফা প্রস্তাব পাওয়া গেছে, যা আলোচনার জন্য একটি কার্যকর ভিত্তি হিসেবে কাজ করছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অতীতের অধিকাংশ বিরোধপূর্ণ বিষয়ে ইতোমধ্যে সমঝোতা হয়ে গেছে। এই দুই সপ্তাহের যুদ্ধবিরতি মূলত চুক্তিটিকে চূড়ান্ত ও কার্যকর করার একটি বিশেষ সুযোগ হিসেবে দেখা হচ্ছে।

ইরান ও যুক্তরাষ্ট্রের এই সমঝোতা বিশ্ব অর্থনীতি ও তেলের বাজারের জন্য স্বস্তির খবর নিয়ে এসেছে। বিশেষ করে হরমুজ প্রণালি (বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ) খুলে দেওয়ার শর্তটি বৈশ্বিক জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

এখন সবার নজর তেহরানের দিকে—তারা ট্রাম্পের দেওয়া শর্ত মেনে হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দেয় কি না এবং এই দুই সপ্তাহে স্থায়ী কোনো শান্তিচুক্তি স্বাক্ষরিত হয় কি না।