৭ পাসপোর্টসহ সীমান্ত পেরিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ: পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি আটক

0
৭ পাসপোর্টসহ সীমান্ত পেরিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ: পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি আটক

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক মহাপরিচালক (ডিজি) সাব্বির বিন শামসকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ২টি কূটনৈতিক পাসপোর্টসহ মোট ৭টি পাসপোর্ট উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৫ মে) দুপুরের দিকে দহগ্রাম এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক সাব্বির বিন শামস আওয়ামী লীগ সরকারের আমলে সেন্টার ফর রিচার্জ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি যুক্তরাজ্যে বাংলাদেশ হাই কমিশনে ‘মিনিস্টার’ পদে চুক্তিভিত্তিক কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্ত এলাকায় সাব্বির বিন শামসের ঘোরাঘুরি ও কথাবার্তা দেখে স্থানীয়দের মনে সন্দেহ জাগে। পরে তারা বিষয়টি স্থানীয় পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে পাটগ্রাম থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানা হেফাজতে নেয়। পরবর্তীতে ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য তাকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ কার্যালয়ে স্থানান্তর করা হয়।

আটকের পর সাব্বির বিন শামসের দেহ তল্লাশি করে মোট ৭টি পাসপোর্ট উদ্ধার করে পুলিশ। এর মধ্যে ৫টি সাধারণ পাসপোর্ট এবং ২টি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের ব্যবহৃত কূটনৈতিক (ডিপ্লোম্যাটিক) পাসপোর্ট। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, সাবেক এই কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা রয়েছে। আইনি জটিলতা ও গ্রেফতার এড়াতে তিনি দীর্ঘদিন দেশের বাইরে অবস্থান করছিলেন এবং শেষ পর্যন্ত অবৈধ পথে সীমান্ত পাড়ি দিয়ে দেশে ফিরছিলেন।

শনিবার রাত ১০টার দিকে লালমনিরহাটের পুলিশ সুপার আসাদুজ্জামান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন “সাব্বির বিন শামস অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছিলেন। সীমান্ত এলাকায় তার সন্দেহজনক চলাফেরা দেখে স্থানীয় জনতা পুলিশে খবর দেয়। পুলিশ তাকে আটক করে প্রথমে থানায় এবং পরে জেলা ডিবি কার্যালয়ে নিয়েছে। তার বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ ও অন্যান্য আইনি প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

আওয়ামী লীগ সরকারের পতনের পর চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত এই কর্মকর্তার হঠাৎ এভাবে অবৈধ পথে দেশে ফেরার চেষ্টা এবং তার কাছ থেকে বিপুল সংখ্যক পাসপোর্ট উদ্ধারের ঘটনাটি এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ঘটনার পেছনে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে কি না, তা খতিয়ে দেখছে জেলা গোয়েন্দা পুলিশ।