কেশবপুর প্রতিনিধি: যশোরের কেশবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসে নামজারি, মোবাইল কোর্টের প্রতিবেদন, ১৪৪/১৪৫ ধারার মামলার রিপোর্ট ও বিভিন্ন প্রশাসনিক সেবা নিতে গিয়ে চরম দুর্ভোগ ও হয়রানির শিকার হচ্ছেন সাধারণ মানুষ|
অভিযোগ উঠেছে, অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর জাহিদ হাসান শোভনের বিরুদ্ধে| ঘুষ ছাড়া কোনো কাজ না করা, কর্মকর্তার নাম ভাঙিয়ে টাকা আদায়, দালালচক্র নিয়ন্ত্রণ, বিনা নোটিশে নামজারি মামলা খারিজ এবং সেবাপ্রার্থীদের সঙ্গে দুর্ব্যবহারের মতো গুরুতর অভিযোগে এখন কেশবপুর জুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে| স্থানীয় সূত্রে জানাগেছে, ভুক্তভোগী ও একাধিক লিখিত অভিযোগে জানা গেছে, দীর্ঘদিন ধরে কেশবপুর ভূমি অফিসে একটি শক্তিশালী সিন্ডিকেট গড়ে উঠেছে| আর এই সিন্ডিকেটের অন্যতম নিয়ন্ত্রক হিসেবে নাম উঠে এসেছে অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর জাহিদ হাসান শোভনের| অভিযোগ রয়েছে, নামজারি করতে গেলে সাধারণ মানুষের কাছ থেকে প্রকাশ্যে ঘুষ দাবি করা হয়|
টাকা না দিলে আবেদন মাসের পর মাস ঝুলিয়ে রাখা হয়, আবার অনেক ক্ষেত্রে বিনা নোটিশে আবেদন খারিজ করে দেওয়া হচ্ছে| ভুক্তভোগীরা জানান, একটি নামজারি করতে গিয়ে সরকারি ফির বাইরে অতিরিক্ত ৫ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত গুনতে হচ্ছে| কেউ টাকা দিতে অস্বীকৃতি জানালে তার আবেদন ‘ত্রুটিপূর্ণ’ দেখিয়ে আটকে রাখা বা বাতিল করা হচ্ছে| অথচ দালালের মাধ্যমে যোগাযোগ করলে অল্প সময়ের মধ্যেই সেই কাজ সম্পন্ন হয়ে যাচ্ছে| অভিযোগ রয়েছে, সদ্য যোগদান করা সহকারী কমিশনার (ভূমি)-এর অফিসিয়াল আইডি ও অনলাইন কার্যক্রমের বড় অংশের নিয়ন্ত্রণ কার্যত কম্পিউটার অপারেটরের হাতেই চলে গেছে| নতুন কর্মকর্তা যোগদানের পরপরই প্রায় ১৮৭১টি নামজারি আবেদন নিষ্পত্তি বা খারিজ দেখানো হয়েছে বলে অফিস সূত্রে জানা যায়| এর মধ্যে বিপুল সংখ্যক আবেদনকারী কোনো ধরনের নোটিশই পাননি| ফলে তারা জানতে পারেননি কেন তাদের আবেদন বাতিল করা হলো|
বিভিন্ন সূত্রে জানাগেছে, জমি ক্রয়ের পর নামজারি করতে গিয়ে সাধারণ মানুষকে ৬ থেকে ৭ মাস পর্যন্ত ঘুরতে হচ্ছে| কৃষক, প্রবাসী ও নিম্নআয়ের মানুষ জমির কাগজ, স্ট্যাম্প, আইনজীবী, যাতায়াত ও অনলাইন ফি মিলিয়ে হাজার হাজার টাকা ব্যয় করেও কাঙি&ধসঢ়;ক্ষত সেবা পাচ্ছেন না| নামজারি সম্পন্ন না হওয়ায় অনেকে জমি বিক্রি, ব্যাংক ঋণ গ্রহণ কিংবা ফসলি জমি নিয়ে আইনি জটিলতায় পড়ছেন| পত্রিকায় প্রকাশিত অভিযোগ অনুযায়ী, মোবাইল কোর্টের মামলার রিপোর্ট তুলতেও ভুক্তভোগীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা দাবি করা হয়| একাধিক ব্যক্তি জানিয়েছেন, ১৪৪/১৪৫ ধারার মামলার প্রতিবেদন কিংবা মোবাইল কোর্টের নথি দ্রুত পেতে ৫ থেকে ৬ হাজার টাকা পর্যন্ত ঘুষ দাবি করা হয়েছে| টাকা না দিলে দিনের পর দিন ঘুরিয়েও রিপোর্ট দেওয়া হয় না| এছাড়া অভিযোগ রয়েছে, অফিসে সক্রিয় দালালচক্রের মাধ্যমে ঘুষ লেনদেন পরিচালিত হয়| ভূমি অফিসের আশপাশে অবস্থান নেওয়া কয়েকজন দালাল প্রকাশ্যেই বলেন, টাকা ছাড়া এখানে কোনো ফাইল নড়ে না|
সাধারণ মানুষ নিরুপায় হয়ে অতিরিক্ত অর্থ ব্যয় করে কাজ করাতে বাধ্য হচ্ছেন| ভুক্তভোগীদের অভিযোগ আরও ভয়াবহ| তারা বলছেন, জাহিদ হাসান শোভন সাধারণ সেবাপ্রার্থীদের সঙ্গে অত্যন্ত রূঢ় আচরণ করেন| বিশেষ করে নারী, বয়স্ক ও গ্রামের সাধারণ মানুষ তার কক্ষের সামনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করলেও কোনো সদুত্তর পান না| উল্টো কর্মকর্তার নাম ভাঙিয়ে ভয়ভীতি প্রদর্শন করা হয়| অনুসন্ধানে জানা গেছে, ভূমি অফিসে অনলাইনে আবেদন করার পরও আবেদনকারীদের বিভিন্ন অজুহাতে হয়রানি করা হয়| কখনো ভুল বানান, কখনো কাগজের ত্রুটি, আবার কখনো সার্ভার সমস্যার কথা বলে আবেদন বাতিল করা হচ্ছে| অথচ একই ধরনের কাগজপত্র নিয়ে দালালের মাধ্যমে গেলে সহজেই অনুমোদন মিলছে বলে অভিযোগ রয়েছে|
এদিকে অভিযোগের সত্যতা নিয়ে স্থানীয় মহলে তীব্র আলোচনা শুরু হয়েছে| কারণ, ঘুষ লেনদেনের একটি ছবিও স্থানীয়দের হাতে রয়েছে বলে জানা গেছে| সংশ্লিষ্টরা বলছেন, যদি নিরপেক্ষ তদন্ত হয় তাহলে কেশবপুর ভূমি অফিসে ভয়াবহ অনিয়ম, দুর্নীতি ও ঘুষ বাণিজ্যের চিত্র বেরিয়ে আসবে| স্থানীয় সচেতন মহল বলছে, ভূমি অফিস সাধারণ মানুষের সবচেয়ে স্পর্শকাতর সেবার জায়গা| সেখানে যদি অসাধু কর্মচারীরা পুরো ব্যবস্থাকে জিম্মি করে ফেলে, তাহলে সাধারণ মানুষের রাষ্ট্রের প্রতি আস্থা নষ্ট হওয়াই স্বাভাবিক| তারা অবিলম্বে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও জেলা প্রশাসনের মাধ্যমে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন| এ বিষয়ে অভিযুক্ত অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর জাহিদ হাসান শোভনের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি|
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী মেশকাতুল ইসলাম বলেন, আবেদনগুলো অনেক পুরাতন হওয়ায় তা খারিজ করা হয়েছে| অফিসে কেউ অপরাধ করলে তা প্রমানিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে| তবে কেশবপুরবাসীর প্রশ্ন ভূমি অফিস কি এখন দালাল ও ঘুষ বাণিজ্যের অভয়ারণ্যে পরিণত হয়েছে? সাধারণ মানুষের কষ্টার্জিত অর্থ লুটে নেওয়ার এই অভিযোগের দায় কে নেবে? দ্রুত তদন্ত ও কঠোর ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করবে বলে আশঙ্কা করছেন সচেতন নাগরিকরা|

