সুনামগঞ্জ প্রতিনিধি: টাঙ্গুয়ার হাওরের মৎস্যসম্পদ রক্ষায় অবৈধ জালের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে তাহিরপুর উপজেলা প্রশাসন।হাওরের মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্য সুরক্ষায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)মিস রিপামনি দেবীর নির্দেশনায় এবং উপজেলা সহকারী কমিশনার(ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিএমএসআর আলিফের নেতৃত্বে পরিচালিত অভিযানে দুটি কোনাজাল,১৫০ পিস চায়না দোয়ারি জাল ও ২৫০ ফুট নেটজাল জব্দ করা হয়েছে,।জব্দ করা এসব জালের আনুমানিক বাজারমূল্য ৬ লাখ টাকারও বেশি।
সোমবার (৯ নভেম্বর) দেশের দ্বিতীয় রামসার সাইট ও প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) টাঙ্গুয়ার হাওরের নয়হাল,চটানিয়া,বাগমারাগুপ ও আলমের দোয়ার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
হাওরের মৎস্যসম্পদ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় উপজেলা প্রশাসনের এ অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।বিশেষ করে কোনাজাল ও চায়না দোয়ারির মতো জালে মাছের পাশাপাশি বিভিন্ন প্রজাতির পোনা ও অন্যান্য জলজ প্রাণী আটকা পড়ার ঝুঁকি থাকে। এতে মাছের স্বাভাবিক প্রজনন ও বংশবিস্তার বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি হাওরের জলজ প্রতিবেশের ভারসাম্যও ক্ষতিগ্রস্ত হতে পারে।প্রাকৃতিক সৌন্দর্য,মৎস্যসম্পদ ও অনন্য জীববৈচিত্র্যের আধার টাঙ্গুয়ার হাওর শুধু স্থানীয় মানুষের জীবন-জীবিকার উৎস নয়,এটি বাংলাদেশের গুরুত্বপূর্ণ প্রাকৃতিক ঐতিহ্য। আন্তর্জাতিক রামসার স্বীকৃত এ জলাভূমির পরিবেশগত ভারসাম্য রক্ষায় অবৈধ মৎস্য আহরণ নিয়ন্ত্রণ অত্যন্ত জরুরি।কিন্তু বিভিন্ন ধরনের ক্ষতিকর জালের ব্যবহার হাওরের মাছের স্বাভাবিক বংশবিস্তার ও প্রাকৃতিক ভারসাম্যের জন্য উদ্বেগ তৈরি করছে।
সচেতন মহলের মতে,ইউএনওর নির্দেশনায় এসিল্যান্ডের নেতৃত্বে পরিচালিত এ অভিযান অবৈধ মৎস্য আহরণ নিয়ন্ত্রণে প্রশাসনের সক্রিয় ভূমিকার প্রতিফলন। তবে শুধু জাল জব্দ করলেই দায়িত্ব শেষ নয়; এসব জালের উৎস,সরবরাহকারী ও ব্যবহারকারীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।পাশাপাশি হাওরের গুরুত্বপূর্ণ বিল,খাল ও মাছের প্রজননক্ষেত্রে নিয়মিত অভিযান ও কার্যকর নজরদারি নিশ্চিত করা প্রয়োজন।
টাঙ্গুয়ার হাওরের মৎস্যসম্পদ রক্ষায় উপজেলা প্রশাসনের এ তৎপরতা ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে—এমন প্রত্যাশা স্থানীয় সচেতন মহলের। তাঁদের মতে,প্রশাসনের নিয়মিত নজরদারি ও কার্যকর পদক্ষেপই পারে অবৈধ মৎস্য আহরণ নিয়ন্ত্রণের পাশাপাশি হাওরের প্রাকৃতিক ভারসাম্য ও জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে।

