বাংলাদেশ প্রতিবেদকঃ দেশের তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিক ও কর্মচারীদের জন্য নতুন ন্যূনতম মজুরি কাঠামোর রূপরেখা উপস্থাপন করেছেন শ্রমিকপক্ষের প্রতিনিধিরা। এতে শ্রমিকদের জন্য সর্বনিম্ন ৩২ হাজার এবং কর্মচারীদের জন্য সর্বোচ্চ ৫৫ হাজার টাকা মাসিক মজুরির প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে মোট মজুরির ৬০ শতাংশ মূল বেতন এবং মূল বেতনের ৫০ শতাংশ বাড়িভাড়া হিসেবে নির্ধারণের দাবি জানানো হয়েছে।
সোমবার রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষের প্রতিনিধিরা আনুষ্ঠানিকভাবে এই প্রস্তাব জমা দেন। বৈঠক শেষে নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী উপস্থিত সাংবাদিকদের সার্বিক পরিস্থিতি অবহিত করেন।
শ্রমিকদের গ্রেড-১ থেকে গ্রেড-৪ পর্যন্ত চারটি ক্যাটাগরি এবং আলাদা শিক্ষানবিশ মেয়াদের প্রস্তাব রাখা হয়েছে:
গ্রেড-১ (সিনিয়র অপারেটর) মোট মজুরি ৪৮,০০০ টাকা (মূল বেতন ২৮,৮০০ টাকা, বাড়িভাড়া ১৪,৪০০ টাকা, অন্যান্য ভাতা ৪,৮০০ টাকা)। গ্রেড-২ (সব ধরণের মেশিন চালক/দক্ষ শ্রমিক) মোট মজুরি ৪৩,০০০ টাকা (মূল বেতন ২৫,৮০০ টাকা, বাড়িভাড়া ১২,৯০০ টাকা, অন্যান্য ভাতা ৪,৩০০ টাকা)।
গ্রেড-৩ (জুনিয়র মেশিন চালক) মোট মজুরি ৩৮,০০০ টাকা (মূল বেতন ২২,৮০০ টাকা, বাড়িভাড়া ১১,৪০০ টাকা, অন্যান্য ভাতা ৩,৮০০ টাকা)।
গ্রেড-৪ (হেলপার বা সহকারী শ্রমিক) সর্বনিম্ন মোট মজুরি ৩২,০০০ টাকা (মূল বেতন ১৯,২০০ টাকা, বাড়িভাড়া ৯,৬০০ টাকা, অন্যান্য ভাতা ৩,২০০ টাকা)।
শিক্ষানবিশ শ্রমিক (সর্বোচ্চ ৩ মাস) মোট মজুরি ৩০,০০০ টাকা (মূল বেতন ১৮,০০০ টাকা, বাড়িভাড়া ৯,০০০ টাকা, অন্যান্য ভাতা ৩,০০০ টাকা)।
পোশাক কারখানায় নিয়োজিত প্রশাসনিক ও সহায়তা কর্মীদের জন্য আলাদা চারটি গ্রেডে মজুরি নির্ধারণের কথা বলা হয়েছে:

প্রস্তাবে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, শ্রমিকদের খাদ্যভাতা এই নির্ধারিত মূল মজুরির আওতাভুক্ত হবে না; তা আলাদাভাবে বিবেচনা করতে হবে। এছাড়া নতুন শ্রমিকদের জন্য শিক্ষানবিশকাল কোনোভাবেই তিন মাসের বেশি বাড়ানো যাবে না।
গত ১ নভেম্বর সরকার তৈরি পোশাক খাতের জন্য ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে। ৪ নভেম্বর অনুষ্ঠিত প্রথম সভায় মালিক ও শ্রমিক উভয় পক্ষকে নিজ নিজ প্রস্তাব জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।
শ্রমিকপক্ষের প্রস্তাব জমা পড়লেও এটি চূড়ান্ত সিদ্ধান্ত নয়। পরবর্তীতে মালিকপক্ষের নিজস্ব প্রস্তাব গ্রহণ, শ্রমিকদের জীবনযাত্রার প্রকৃত ব্যয় মূল্যায়ন, বর্তমান সার্বিক অর্থনৈতিক অবস্থা এবং পোশাক খাতের বৈশ্বিক প্রতিযোগিতার সক্ষমতা বিবেচনা করে চূড়ান্ত মজুরি কাঠামো সুপারিশ করবে বোর্ড।
উল্লেখ্য, বর্তমানে তৈরি পোশাকশ্রমিকদের জন্য কার্যকর থাকা সর্বনিম্ন ১২,৫০০ টাকার মজুরি কাঠামোটি ২০২৩ সালের ডিসেম্বরে নির্ধারিত হয়েছিল। দেশের বর্তমান মূল্যস্ফীতি ও জীবনযাত্রার খরচ বৃদ্ধি পাওয়ায় দীর্ঘ দিন ধরেই ন্যূনতম মজুরি বাড়ানোর দাবি জানিয়ে আসছিলেন শ্রমিক নেতারা।

