যমুনা নদীতে গোসলে নেমে ডুবে নিখোঁজ হওয়া ছাত্রের মরদেহ উদ্ধার

0
যমুনা নদীতে গোসলে নেমে ডুবে নিখোঁজ হওয়া ছাত্রের মরদেহ উদ্ধার

শাহজাদপুর প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরি ইউনিয়নের ভাটপাড়া গ্রামে যমুনা নদীতে গোসলে নেমে ডুবে নিখোঁজ হওয়া ৭ম শ্রেনীর ছাত্র তামিম হোসেনের (১৪) মরদেহ প্রায় ২৬ ঘন্টা পর উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) বেলা ২টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরী দল ঘটনাস্থল থেকে প্রায় ২ কিলোমিটার দূরে গুদিবাড়ি গ্রাম সংলগ্ন যমুনা নদী থেকে তামিমের মরদেহ উদ্ধার করে।

শাহজাদপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার পারভেজ মাহামুদ বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, গতকাল বুধবার (৩ জুন) দুপুর ১২টার দিকে তামিম প্রতিবেশীদের সাথে যমুনা নদীতে গোসল করতে যায়। একপর্যায়ে সে যমুনার গভীর পানিতে তলিয়ে যায়। নিখোঁজ তামিম ওই গ্রামের লস্কর আলী মোল্লার ছেলে। সে গার্মেন্টস শ্রমিক বাবার সাথে গাজীপুরের কোনাবাড়িতে থেকে ৭ম শ্রেণিতে লেখাপড়া করতো। নিখোঁজ তামিমের স্বজনরা জানায়, ঈদুল আযহা উপলক্ষে তামিম বাড়িতে এসেছে। বুধবার দুপুর ১২টার দিকে পরিবারের অন্য ছেলেদের সাথে যমুনা নদীতে গোসল করতে যায়। সাঁতার না জানায় সে কোমর পানিতে নেমে গোসলের সময় বাড়ির পাশের ৭ বছরের এক শিশু গভীর পানিতে ডুবে যায়। তামিম তাকে উদ্ধারের চেষ্টার সময় নিজেও গভীর পানিতে তলিয়ে যায়।

এ সময় এলাকাবাসী ওই শিশুটিকে উদ্ধার করতে সক্ষম হলেও তামিম গভীর পানিতে ডুবে নিখোঁজ হয়। তাকে উদ্ধারে স্থানীয় লোকজন জেলেদের নৌকা ও জাল দিয়ে চেষ্টার পর ফায়ার সার্ভিসের কর্মীদের খবর দেয়। খবর পেয়ে শাহজাদপুর ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌছে স্থানীয়দের সাথে উদ্ধার অভিযান শুরু করে। একপর্যায়ে রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল আনা হয়। ডুবুরী দল বিকেল ৩টায় থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়ে ব্যর্থ হয়। বৃহস্পতিবার (৪ জুন) শাহজাদপুর ফায়ার সার্ভিসের সাব স্টেশন অফিসার শাহজাহান আলী মোল্লা জানান, সকাল থেকে পুনরায় উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। এক পর্যায়ে নিখোঁজ হওয়ার প্রায় ২৬ ঘন্টা পর গুদিবাড়ি গ্রাম সংলগ্ন যমুনা নদী থেকে তামিমের মরদেহ উদ্ধার করা হয়। এসময় তামিমের স্বজনদের কান্না ও আহাজারিতে এলাকার বাতাস ভারি হয়ে উঠে । অন্যদিকে তামিমের মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে আশপাশের শত শত নারী পুরুষ ও শিশু নদীর পাড়ে ভীড় জমায়।

এ বিষয়ে শাহজাদপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাজমুল কাদের বলেন, তামিম যমুনায় ডুবে নিখোঁজ হওয়ার পর থেকে থানা পুলিশের একটি টিম উদ্ধার অভিযান শেষ না হওয়া পর্যন্ত ঘটনাস্থলে উপস্থিত থেকে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে । তিনি আরো জানান আইনগত প্রক্রিয়া শেষে তামিমের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।