রাণীনগর প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে এক রাতের ব্যবধানে দুটি পৃথক স্থানে পথ রোধ করে ব্যবসায়ীদের মারধর, টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইকারীদের হামলায় দুই ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। উপজেলার নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কের চকের ব্রিজ এবং আবাদপুকুর-একডালা সড়কের আবাদপুকুর কলেজ এলাকায় এই ঘটনাগুলো ঘটে। পরপর এমন ছিনতাইয়ের ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।
চকের ব্রিজে ভোররাতে অস্ত্রের মুখে জিম্মি, কুপিয়ে জখম ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে বগুড়ার আদমদীঘি উপজেলার পান্নানপুর গ্রামের জুয়েল সখিদার (৩৯), নওগাঁ সদর উপজেলার চকবুলাকী গ্রামের রাফিকুল ইসলাম (৩৮) এবং রাণীনগর সদর বাজারের আনিছার রহমান (৫৫) নামের তিন সুপারি ব্যবসায়ী একটি টমটম গাড়ি ভাড়া করে নাটোরের উদ্দেশ্যে রওনা হন। ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে গাড়িটি নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কের রাণীনগর উপজেলার চকের ব্রিজ এলাকায় পৌঁছালে ৮ থেকে ৯ জনের একটি মুখোশধারী ছিনতাইকারী দল দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তাদের পথ রোধ করে। ছিনতাইকারীরা ব্যবসায়ীদের মারধর করে তাদের কাছে থাকা নগদ প্রায় ৪৫ হাজার টাকা এবং মোবাইল ফোন ছিনিয়ে নেয়। অন্যদিকে ছিনতাইকারীদের ধারালো হাসুয়ার কোপে রাফিকুল ইসলাম রক্তাক্ত জখম হন এবং পিটুনিতে জুয়েল সাখিদার আহত হন।
একই সময়ে কাশিমপুর গ্রামের সুপারি ব্যবসায়ী গোপাল চন্দ্র ও উত্তম চন্দ্র ঘটনাস্থলে পৌঁছালে ছিনতাইকারীদের দূর থেকে দেখেই দৌড়ে পালিয়ে আত্মরক্ষা করেন। আবাদপুকুরে চাল ও বিকাশ ব্যবসায়ীকে ব্যারিকেড দিয়ে হামলার চেষ্টা এর আগে, বুধবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে উপজেলার আবাদপুকুর-একডালা সড়কের আবাদপুকুর কলেজ এলাকায় অপর একটি ছিনতাইয়ের চেষ্টা চালানো হয়। অন্যদিকে আবাদপুকুর বাজারের চাল ব্যবসায়ী মারুফ হোসেন ও বিকাশ এজেন্ট ব্যবসায়ী হেলাল উদ্দীন ব্যবসা প্রতিষ্ঠানের কাজ শেষ করে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। কলেজ এলাকায় পৌঁছালে ৫ থেকে ৬ জনের একদল মুখোশধারী ছিনতাইকারী সড়কের মাঝখানে আড়াআড়িভাবে মোটরসাইকেল দিয়ে ব্যারিকেড সৃষ্টি করে তাদের পথ রোধ করে এবং আকস্মিক হামলা চালায়। তবে চালক মারুফ হোসেন বুদ্ধিমত্তা ও সাহসিকতার সাথে দ্রুত মোটরসাইকেলের গতি বাড়িয়ে ছিনতাইকারীদের কবল থেকে পালিয়ে আসতে সক্ষম হন।
এসব অনাকাঙ্ক্ষিত ও উদ্বেগজনক ঘটনার বিষয়ে রাণীনগর থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক (এসআই) জুলফিকারের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান: “এসব ছিনতাই ও হামলার ঘটনার বিষয়ে এখন পর্যন্ত থানায় ভুক্তভোগী বা অন্য কোনো পক্ষের পক্ষ থেকে লিখিত কোনো অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

