মাসুদ রানা রাব্বানী: রাজশাহী নগরীর শ্রীরামপুর টি-বাঁধ এলাকায় পবা উপজেলার চর মাজারদিয়াড় (আমিরপুর) খেয়াঘাটের ইজারা স্থায়ীভাবে বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে|
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় শ্রীরামপুর নদীতীর এলাকায় চর মাজারদিয়াড়ের বাসিন্দারা এ কর্মসূচির আয়োজন করেন| মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, চর মাজারদিয়াড়ে উৎপাদিত কৃষিপণ্য রাজশাহী শহরে বিক্রির জন্য নদী পার করে আনতে হয়| তবে খেয়াঘাটে সরকারি নির্ধারিত ভাড়ার তালিকা প্রদর্শন করা হয় না| বরং ইজারাদার পক্ষ নির্ধারিত টোলের চেয়ে অতিরিক্ত ও অযৌক্তিক হারে টাকা আদায় করে থাকে| এর প্রতিবাদ করলে অনেক সময় সাধারণ মানুষকে শারীরিকভাবে হেনস্তার শিকার হতে হয় বলেও দাবি করেন তারা| বক্তারা বলেন, পদ্মা নদীর ভাঙনে প্রতিবছর এলাকার বিপুল পরিমাণ আবাদযোগ্য জমি নদীগর্ভে বিলীন হচ্ছে|
ফলে কৃষিনির্ভর মানুষের আয় ও জীবিকা সংকুচিত হয়ে পড়েছে| এমন পরিস্থিতিতে কৃষিপণ্য পরিবহন এবং নিত্যপ্রয়োজনীয় পণ্য আনা-নেওয়ার জন্য ব্যবহৃত এই খেয়াঘাটের ইজারা সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়িয়ে তুলছে| মানববন্ধনে জানানো হয়, পবা উপজেলার ৪ নম্বর হরিপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চর মাজারদিয়াড় এলাকায় প্রায় ১০ থেকে ১২ হাজার মানুষের বসবাস| তাদের মধ্যে প্রায় ৯৮ শতাংশই কৃষিজীবী| এলাকায় কোনো গরুর করিডোর কিংবা সীমান্ত পারাপারের পথ নেই|
তাই খেটেখাওয়া ও সীমিত আয়ের মানুষের স্বার্থে বিবেচনায় মাজারদিয়াড় (আমিরপুর) খেয়াঘাটের ইজারা স্থায়ীভাবে বাতিলের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী| মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা পায়ে হেঁটে একটি বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে যান| সেখানে তারা রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম-এর কাছে একটি স্মারকলিপি জমা দেন| কর্মসূচিতে উপস্থিত ছিলেন চর মাজারদিয়াড় ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হুমায়ুন কবির, অ্যাডভোকেট সেলিম রেজাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ জনগণ|

