তাহিরপুর প্রতিনিধিঃ সুনামগঞ্জের হাওরাঞ্চলে মাছের প্রজনন ও মৎস্যসম্পদ রক্ষায় সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়ন বিষয়ে অংশীজন সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে তাহিরপুর উপজেলা পরিষদ হলরুমে মৎস্য অধিদপ্তরের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান মানিক।
জগন্নাথপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আল আমিন-এর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা ড. আল মিনান নুর, তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরুখ আলম শান্তুনু, তাহিরপুর থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা কে.এম. মাহফুজুর রহমান,উপজেলা বিএনপির আহ্বায়ক বাদল মিয়া,তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএনপি নেতা মো. জুনাব আলী,যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল, সিনিয়র সাংবাদিক বাবরুল হাসান সিএনআরএস প্রকল্প উন্নয়ন কর্মী ছাইফুল চৌধুরীসহ স্থানীয় রাজনৈতিক, প্রশাসনিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, হাওর শুধু মাছের ভান্ডার নয়, এটি এ অঞ্চলের মানুষের জীবন-জীবিকা, অর্থনীতি ও পরিবেশের অবিচ্ছেদ্য অংশ। তাই মাছের প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা কঠোরভাবে বাস্তবায়ন করতে প্রশাসন,জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, সাংবাদিক ও সাধারণ জনগণকে একসাথে কাজ করতে হবে।তারা আরও বলেন, হাওরের জীববৈচিত্র্য ও মৎস্যসম্পদ রক্ষায় অবৈধ মাছ শিকার বন্ধে সবাইকে সচেতন হতে হবে।এক মাসের এই সংযম ভবিষ্যতে মৎস্যসম্পদের প্রাচুর্য নিশ্চিত করবে।উল্লেখ্য,মাছের নিরাপদ প্রজনন ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকার ২৯ মে থেকে ২৮ জুন পর্যন্ত সুনামগঞ্জের হাওরাঞ্চলে সকল প্রকার মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করেছে।

