জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটে ঈদকে ঘিরে অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে ঢাকাগামী ৫ টি পরিবহনকে ৪৫ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকালে শহরের পাচুর মোড় ও পাঁচবিবি বাসটার্মিনালে ঢাকাগামী পরিবহনের কাউন্টারগুলোতে এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুল হক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
দণ্ডপ্রাপ্ত ঢাকাগামী, আহাদ পরিবহনকে ১০ হাজার টাকা, এস আই পরিবহনকে ১০ হাজার টাকা, যমুনা লাইন ১০ হাজার টাকা,সেলফি পরিবহন ১০ হাজার, সামি পরিবহন ৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা গ্রহণ ও দৃশ্যমান স্থানে ভাড়ার চার্ট না থাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ঢাকাগামী পরিবহনগুলোকে জরিমানা করা হয়।
জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুল হক বলেন, যাত্রীদের ভোগান্তি কমাতে ও পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে আমাদের এ অভিযান ভবিষ্যতেও চলবে।
এ সময় জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বাদল মিয়া, জয়পুরহাট বিআরটিএ মোটরযান পরিদর্শক-রামকৃষ্ণ পোদ্দার উপস্থিত ছিলেন।

