চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাজাহানপুর ইউনিয়নে গ্রাম্য সালিশে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত এবং প্রায় ১০ জন আহত হয়েছেন। বুধবার দুপুরে সদর উপজেলার শাজাহানপুর ইউনিয়নের দুর্লভপুর এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় মাদক চোরাকারবারিদের বিজিবির কাছে ধরিয়ে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে বেশ কয়েকদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। বিরোধ মীমাংসার লক্ষ্যে গ্রাম্য সালিশের আয়োজন করা হয়। সালিশ চলাকালে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে তা একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষের সময় বল্লমের আঘাতে গুরুতর আহত হন দুর্লভপুর ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. শওকত আলীর ছেলে ইব্রাহিম। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের চাঁপাই নবাবগঞ্জ সদর হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ বিষয়ে চাঁপাই নবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম ওয়াসিম ফিরোজ জানান, ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

