গোলাগুলির ঘটনায় জড়িতদের ধরতে ঈশ্বরদীতে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান

0
গোলাগুলির ঘটনায় জড়িতদের ধরতে ঈশ্বরদীতে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান

ঈশ্বরদী প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুর ফুটো মার্কেট এলাকায় পাকশী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি আব্দুল খালেক খাকে লক্ষ্য করে সংঘটিত গোলাগুলির ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার পরপরই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং জড়িতদের গ্রেফতারে প্রশাসন ব্যাপক তৎপরতা শুরু করেছে।

মঙ্গলবার (৯ জুন) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। এর পরপরই যৌথ বাহিনী বিশেষ সাঁড়াশি অভিযান পরিচালনা করে। অভিযানে এলাকার গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হয় এবং ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার (ঈশ্বরদী সার্কেল) প্রণব কুমার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান সরকার, র‍্যাবের লেফটেন্যান্ট কমান্ডার ওহেদুরজ্জামান, ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আশাদুর রহমানসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিটের সদস্যরা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, অভিযানের সময় সন্দেহভাজনদের অবস্থান শনাক্ত করতে বিভিন্ন এলাকায় তল্লাশি ও তথ্য সংগ্রহ কার্যক্রম চালানো হয়। ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার বুধবার দুপুরে জানান, “সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। অপরাধীদের গ্রেফতার না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।”

তিনি আরও জানান, ঘটনার পর এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।