বাংলাদেশ প্রতিবেদক: রাজশাহী মহানগরীর খরবোনা এলাকার বাসিন্দা আলহাজ মোঃ আনারুল ভান্ডারীর বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে|
বুধবার (১০ জুন) দুপুর ১২টায় নগরীর সাহেববাজার সড়কসংলগ্ন খরবোনা ফুটপাতে দাঁড়িয়ে আয়োজিত মানববন্ধনে স্থানীয় শতাধিক নারী-পুরুষ অংশ নেন| তারা ব্যানার ও ফেস্টুন প্রদর্শনের মাধ্যমে অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান| মানববন্ধনে বক্তব্য দেন ভুক্তভোগী আলহাজ মোঃ আনারুল ভান্ডারী| তিনি অভিযোগ করেন, গত (৩১ মে) দিবাগত রাত ১টার দিকে ¯ে^চ্ছাসেবক দলের রাজশাহী মহানগর বোয়ালিয়া থানা পূর্বের আহ্বায়ক মোঃ শাকিল আহম্মেদ আলীর নেতৃত্বে হারুন, তুষার, আকাশ, হৃদয়সহ অজ্ঞাতনামা ২০-২৫ জন তার বাড়িতে হামলা চালায়| এ সময় তারা বাড়ির নিচতলায় ব্যাপক ভাঙচুর ও বিভিন্ন মালামাল লুটপাট করে| তিনি আরও বলেন, একই রাত প্রায় ৩টার দিকে হামলাকারীরা বাড়ির দ্বিতীয় তলায় উঠে গেট ও গ্রিল ভেঙে তাকে হত্যার উদ্দেশ্যে ভয়ভীতি প্রদর্শন ও ডাকাডাকি করে| তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে|
আনারুল ভান্ডারী অভিযোগ করেন, হামলাকারীরা তার ছোট ভাই সানারুলকে কুপিয়ে গুরুতর আহত করে| পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়| অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন কর্তব্যরত চিকিৎসক| তিনি আরও দাবি করেন, অভিযুক্ত শাকিল আহম্মেদ আলী ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি, জমি দখল করে বিক্র করা সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত| এসব ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য তিনি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনারের হস্তক্ষেপ কামনা করেন|
এছাড়া রাজনৈতিক পরিচয়ের আড়ালে কেউ যাতে অপরাধমূলক কর্মকাণ্ড চালাতে না পারে, সে বিষয়ে সংশ্লিষ্ট রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের দৃষ্টি আকর্ষণ করেন তিনি| উল্লেখ্য, চলতি মাসের গত (৭ জুন) নগরীর রিভার সিটি প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনেও লিখিত বক্তব্যের মাধ্যমে একই অভিযোগ তুলে ধরেন ভুক্তভোগী আনারুল ভান্ডারী|
এ বিষয়ে জানতে চাইলে বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রবিউল ইসলাম বলেন, অভিযুক্ত শাকিল আহম্মেদ আলী ও তার সহযোগীদের গ্রেফতারে পুলিশ অভিযান পরিচালনা করছে| যতদ্রুত সম্ভব তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে|

