আদালত প্রতিবেদকঃ বিচারপ্রার্থীদের দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করতে এবং সুপ্রিম কোর্টের দীর্ঘদিনের মামলা জট কমাতে বিশেষ কার্যক্রমে বড় সাফল্য এসেছে। হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন ও রিট মোশন বেঞ্চগুলোতে বিশেষ উদ্যোগের আওতায় আজ বৃহস্পতিবার (২ জুলাই) একদিনেই রেকর্ডসংখ্যক ২ হাজার ৪১১টি পুরাতন মামলা নিষ্পত্তি করা হয়েছে।
বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই অনন্য অর্জনের তথ্য জানানো হয়।
আজ একদিনেই হাইকোর্টের ক্রিমিনাল মোশন বেঞ্চগুলোতে ১ হাজার ৬৫৫টি পুরাতন ক্রিমিনাল মিস মামলা এবং রিট মোশন বেঞ্চগুলোতে ৭৫৬টি পুরাতন রিট মামলা নিষ্পত্তি করা হয়েছে।
বিশেষ এই ক্র্যাশ প্রোগ্রাম শুরু হওয়ার পর গত ছয় কার্যদিবসে (প্রতি সপ্তাহে একদিন করে) সর্বমোট ২৬ হাজার ৫৬০টি পুরাতন মামলার স্থায়ী নিষ্পত্তি হলো। এর মধ্যে ১৯ হাজার ৮৩৬টি ক্রিমিনাল মিস এবং ৬ হাজার ৭২৪টি রিট মামলা রয়েছে। প্রধান বিচারপতির বিশেষ নির্দেশনায় গত ৭ মে থেকে হাইকোর্ট বিভাগের বিচারপতিরা দীর্ঘদিনের জমে থাকা পুরাতন মামলাগুলোকে অগ্রাধিকার দিয়ে প্রতি সপ্তাহের একটি নির্দিষ্ট দিনে এই বিশেষ জুডিশিয়াল ড্রাইভ পরিচালনা করছেন।
সুপ্রিম কোর্ট প্রশাসন জানিয়েছে, এই বিশেষ কার্যক্রমের মূল লক্ষ্য হলো বিচারপ্রার্থীদের দীর্ঘদিনের ভোগান্তি দূর করে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা, আদালতের ওপর থেকে মামলার পাহাড়সম চাপ কমানো এবং সামগ্রিক বিচার ব্যবস্থার কার্যকারিতা ও গতিশীলতা বৃদ্ধি করা।
আদালত সংশ্লিষ্টরা বলছেন, প্রতি সপ্তাহে মাত্র একদিন ডেডিকেটেডলি কাজ করে মাত্র ছয় দিনে ২৬ হাজারেরও বেশি মামলার নিষ্পত্তি দেশের বিচার বিভাগের ইতিহাসে একটি যুগান্তকারী দৃষ্টান্ত।
সুপ্রিম কোর্টের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে যে, দেশের বিচার ব্যবস্থার স্থবিরতা কাটাতে এবং সাধারণ মানুষের আইনি অধিকার দ্রুত প্রতিষ্ঠা করতে পুরাতন মামলা নিষ্পত্তির এই বিশেষ ও নিবিড় কার্যক্রম ভবিষ্যতেও পুরোদমে অব্যাহত থাকবে।

