শাহজাদপুর প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়নের বাদলবাড়ি গ্রামে আলামিন হোসেন (৩৫) নামে এক তাঁত শ্রমিক পাওয়ারলুমে কাপড় তৈরির সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেছেন। আলামিন ওই গ্রামের মৃত ফয়জাল হোসেনের ছেলে। বৃহস্পতিবার (২৩ জুলাই )বিকেল ৫টার দিকে মর্মান্তিক এ ঘটনা ঘটেছে।
এলাকাবাসী জানায়, আলামিন হোসেন বাদলবাড়ি গ্রামের রহম আলীর তাঁত ফ্যাক্টরিতে পাওয়ার লুমে কাপড় তৈরির কাজ করতেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে অন্যান্য শ্রমিকরা চলে গেলেও আলামিন একা পাওয়ারলুমে কাজ করছিল। একপর্যায়ে বিকেল ৫ টার দিকে ওই ফ্যাক্টরির এক শ্রমিক আলামিনকে পাওয়ার লুম তাঁতের নিচে পড়ে থাকতে দেখে স্থানীয়দের খবর দেয়। পরে এলাকাবাসী তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আলামিনকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতের লাশ উদ্ধার করে।
এ বিষয়ে শুক্রবার (২৪ জুলাই ) থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত) নাজমুল কাদের জানান, পাওয়ারলুম বিদ্যুতায়িত হওয়ার কারণে ওই শ্রমিক বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তিনি আরো জানান, কোন অভিযোগ না থাকায় মৃতের লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

