সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের আপত্তিকর ও অনৈতিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে নিজ নির্বাচনী এলাকায়। দলীয় প্রধানের এমন আচরণে চরম হতাশ ও ক্ষুব্ধ হয়ে আনুমানিক এক মণ (৪০ লিটার) দুধ দিয়ে গোসল করে দল ছাড়ার পাশাপাশি চিরতরে রাজনীতি ত্যাগের ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর এক সক্রিয় কর্মী।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যায় শ্যামনগর উপজেলার নূরনগর ইউনিয়নের হরিণাগাড়ি গ্রামের দেবাশীর মোড়ে প্রকাশ্যে এই অভিনব প্রতিবাদ জানান দেলোয়ার হোসেন (৩৭) নামের ওই কর্মী। দেলোয়ার স্থানীয় ৮ নম্বর ওয়ার্ড জামায়াতের বায়তুল মাল সম্পাদক ও যুব বিভাগের সেক্রেটারির দায়িত্বে ছিলেন।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, দেলোয়ার হোসেন এতদিন জামায়াতের নিবেদিতপ্রাণ কর্মী ছিলেন এবং নির্বাচনে এমপি গাজী নজরুলের পক্ষে দিনরাত মাঠে খেটেছেন। কিন্তু সম্প্রতি এমপির আপত্তিকর ভিডিও ফাঁস এবং তদন্তে তা প্রমাণিত হওয়ায় দেলোয়ার মানসিকভাবে ভেঙে পড়েন। প্রতিবাদস্বরূপ তিনি হাটের মোড়ে প্রকাশ্যে দুধে গোসল করে দল থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেন।
নিজের সিদ্ধান্ত নিয়ে দেলোয়ার হোসেন বলেন “মনপ্রাণ দিয়ে দলকে ভালোবাসতাম। কিন্তু শীর্ষ নেতার অশালীন কর্মকাণ্ডে মানুষ যখন ছি-ছি করছে, তখন আর মুখে কুলুপ এঁটে থাকা যায় না। তদন্তেও উনার অনৈতিক কাজ প্রমাণিত হয়েছে। নিজেকে এই লজ্জা থেকে মুক্ত করতেই দুধে গোসল করে শপথ নিলাম—আর কোনোদিন জামায়াত তো করবই না, অন্য কোনো রাজনীতিতেও নাম লেখাব না।”
উল্লেখ্য, গত সোমবার সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের এক তরুণীর সঙ্গে ব্যক্তিগত মুহূর্তের ভিডিও নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে। পরে তিনি দাবি করেন তরুণীটি তার দ্বিতীয় স্ত্রী হলেও, বিষয়টির সত্যতা যাচাইয়ে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ইজ্জত উল্লাহর নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করে জামায়াত। তদন্তে অনৈতিক আচরণের প্রমাণ মেলায় বুধবার দল থেকে তাকে বহিষ্কার করা হয়।
এমপির এই অপকর্মের খবরে পুরো শ্যামনগরে ধিক্কারের ঝড় উঠেছে। স্থানীয় ‘ওলামায়ে কেরাম ও তৌহিদি জনতা’ এবং ‘সচেতন নাগরিক সমাজ’-এর ব্যানারে শ্যামনগর উপজেলা নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষুব্ধ এলাকাবাসী নৈতিক স্খলনের দায়ে গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য পদ বাতিলের জোর দাবি জানিয়েছেন।

