এস. এম. সাইফুল ইসলাম কবির: দেশে ডেঙ্গু পরিস্থিতিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪২৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এই সময়ে মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন দুইজন।
রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় মৃত দুইজনের মধ্যে একজন বরিশাল বিভাগের এবং একজন খুলনা বিভাগের।
একই সময়ে নতুন আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ ৮১ জন খুলনা বিভাগে, ৬৯ জন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে, ৫৪ জন বরিশাল বিভাগে, ৪৯ জন চট্টগ্রাম বিভাগে, ৪৭ জন ঢাকা উত্তর সিটি করপোরেশনে, ৩৮ জন ঢাকা বিভাগে (সিটি করপোরেশন ব্যতীত), ৩৬ জন ময়মনসিংহ বিভাগে, ২৯ জন রাজশাহী বিভাগে, ১৬ জন রংপুর বিভাগে এবং ৪ জন সিলেট বিভাগে ভর্তি হয়েছেন।
দিনটিতে আক্রান্তদের মধ্যে ২৬০ জন পুরুষ (৬১ দশমিক ৫ শতাংশ) এবং ১৬৩ জন নারী (৩৮ দশমিক ৫ শতাংশ)। চিকিৎসা শেষে গত ২৪ ঘণ্টায় সারা দেশে ছাড়পত্র পেয়েছেন ৪৭২ জন রোগী।
এদিকে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২ আগস্ট ২০২৬ পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ হাজার ১০৪ জনে। এ সময় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট মারা গেছেন ৫৬ জন, যার মধ্যে নারী ৬২ দশমিক ৫ শতাংশ এবং পুরুষ ৩৭ দশমিক ৫ শতাংশ।
এখন পর্যন্ত সারা দেশে মোট ১৪ হাজার ৯৩০ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এবং বর্তমানে ১ হাজার ১১৮ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

