কমলগঞ্জে পাতাকুঁড়ি ক্ষুদ্রঋণ সংস্থার বিরুদ্ধে সঞ্চয়ের হিসাব নিয়ে বিভ্রান্তির অভিযোগ

0
কমলগঞ্জে পাতাকুঁড়ি ক্ষুদ্রঋণ সংস্থার বিরুদ্ধে সঞ্চয়ের হিসাব নিয়ে বিভ্রান্তির অভিযোগ।

কমলগঞ্জ প্রতিবেদক: মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগরে পাতাকুঁড়ি ক্ষুদ্রঋণ সংস্থার বিরুদ্ধে সঞ্চয়ের হিসাব নিয়ে বিভ্রান্তি, গালিগালাজ ও হামলার চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মো. শিমুল মিয়া (২৭) কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

শিমুল মিয়ার অভিযোগ, তাঁর মায়ের সঞ্চয়ের বিপরীতে সংস্থাটির কাছে তাঁদের পরিবারের ২২ হাজার টাকা পাওনা রয়েছে। গত ২৫ অক্টোবর বিকেল সাড়ে ৩টায় হিসাব দেওয়ার কথা বলে তাঁকে কার্যালয়ে ডেকে নেওয়া হয়। রাত ৮টা পর্যন্ত অপেক্ষা করানোর পর হিসাব চাইলে বিভিন্ন সময়ে ১০, ১১ ও ১২ হাজার টাকা পাওনার কথা বলা হয়। ১২ হাজার টাকা চাইলে তাঁকে গালিগালাজ করা হয় এবং কার্যালয়ে থাকা ৭-৮ জন লাঠিসোঁটা নিয়ে হামলার চেষ্টা করেন বলে দাবি করেন শিমুল।

নাম প্রকাশে অনিচ্ছুক সংস্থাটির কয়েকজন সদস্যও অভিযোগ করেন, তাঁরা নিয়মিত ঋণ নিয়ে কিস্তি পরিশোধ করলেও সঞ্চয়ের টাকার সঠিক হিসাব পান না।

তবে শিমুলের সঙ্গে খারাপ আচরণের অভিযোগ অস্বীকার করে সংস্থাটির শমশেরনগর কার্যালয়ের ম্যানেজার মুমিনুল হক বলেন, সংশ্লিষ্ট কর্মকর্তা বদলি হওয়ার সময় শিমুলের মা কার্যালয়ে না আসায় তখন হিসাব দেওয়া সম্ভব হয়নি। বিষয়টি ইউপি সদস্য মো. সানোয়ার হোসেনের মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

কমলগঞ্জ থানার ওসি মো. কমর উদ্দিন বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত চলছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।