কলাপাড়া প্রতিবেদক: পূর্বমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ ঘূর্নিঝড় অর্নবে পরিনত হতে পারে। এর প্রভাবে উত্তাল রয়েছে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর।
সমুদ্র তটে আছড়ে পড়ছে ছোট বড় ঢেউ৷ উপকূলীয় এলাকার আকাশ ঘন মেঘাচ্ছন্ন রয়েছে এবং গুমোট পরিবেশ বিরাজ করছে। আবহাওয়া অফিসের বিশেষ বিজ্ঞপ্তিতে জানা গেছে, গভীর নিম্নচাপটি গত মধ্যরাতে পায়রা সমুদ্রবন্দর থেকে ৭৮০ কিলোমিটার, চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৮৩০ কিলোমিটার, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৭৫৫ কিলোমিটর ও মোংলা সমুদ্রবন্দর থেকে ৭৮০ কিলোমিটার দক্ষিনে অবস্থান করছিল।
গভীর নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটনা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৫০ কিলোমিটার, যা দমকা বা ঝড়ো হাওয়া আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এর কেন্দ্রের নিকটবর্তী সাগর খুবই উত্তাল রয়েছে। তাই পটুয়াখালীর পায়রা, চট্রগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্র বন্দরকে ০১ নম্বর দূরবর্তী সতর্ক সংকতে দেখিয়ে যেতে বলা হয়েছে। মাছধরা ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
মহিপুর মৎস্য আড়ৎ সমবায় মালিক সমিতির সাবেক সভাপতি, ইউপি চেয়ারম্যান মোঃ ফজলু গাজী বলেন, সাগরে মাছধরা বন্ধের কারনে সকল মাছধরা ট্রলার কিনারেই আছে।নিষেধাজ্ঞা শেষের দিকে তাই সকল জেলেরা সাগরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে তার মধ্যে আবার আবহাওয়া খারাপ হয়ে গেছে।

