মৌলভীবাজার প্রতিনিধি: মোঃ জালাল উদ্দিন। মৌলভীবাজারের শ্রীমঙ্গলের হাইল হাওড় এলাকায় ধানক্ষেত থেকে একটি অজগর সাপ জীবিত উদ্ধার করা হয়েছে। স্থানীয় এক সচেতন ব্যক্তির মানবিক উদ্যোগে সাপটিকে হত্যার হাত থেকে রক্ষা করা সম্ভব হয়েছে।
রবিবার (২ আগস্ট ২০২৬) সকাল প্রায় ৮টায় হাইল হাওড়ে ধান রোপণের জন্য জমি পরিষ্কার করার সময় কৃষকরা হঠাৎ একটি অজগর সাপ দেখতে পান। এ সময় সাপটি উদ্ধার করার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো যোগাযোগ নম্বর না পাওয়ায় স্থানীয় কয়েকজন সাপটিকে মেরে ফেলার সিদ্ধান্ত নেন। এমন পরিস্থিতিতে মুহিবুর রহমান নামে এক সচেতন ব্যক্তি উপস্থিত সবাইকে সাপটিকে হত্যা না করার অনুরোধ জানান। পরে তিনি অনেক খোঁজাখুঁজির পর বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের যোগাযোগ নম্বর সংগ্রহ করে বিষয়টি কর্তৃপক্ষকে অবহিত করেন। খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল এবং পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অজগর সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন। বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে মুহিবুর রহমানের সচেতনতা ও মানবিক উদ্যোগের প্রশংসা জানানো হয়। ফাউন্ডেশনের কর্মকর্তারা বলেন, তাঁর সময়োপযোগী পদক্ষেপের কারণেই একটি মূল্যবান বন্যপ্রাণীর জীবন রক্ষা পেয়েছে।
উদ্ধার শেষে অজগর সাপটি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।

