মাদকের বিরুদ্ধে দাঁড়ালো গ্রামবাসী, মাদক কারবারিদের একঘর করার হুঁশিয়ারী

0
মাদকের বিরুদ্ধে দাঁড়ালো গ্রামবাসী, মাদক কারবারিদের একঘর করার হুঁশিয়ারী

গাজীপুর প্রতিবেদক: গাজীপুরের শ্রীপুরে মাদকের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী উচ্চারণ করেছে গ্রামবাসী। প্রয়োজনে মাদক কারবারিদের একঘর করার হুঁশিয়ারী দিয়েছে গ্রামবাসী। মানববন্ধনে এমন হুশিয়ারী দেন গ্রামবাসী।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে তারুণ্যের ঐক্য ফাউন্ডেশন নামে একটি সেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে উপজেলার কাওরাইদ ইউনিয়নের নান্দিয়া সাঙ্গুন গ্রামের শ্রীপুর গফরগাঁও আঞ্চলিক সড়কের ভেকু মার্কেট ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করে গ্রামের সকল পেশার মানুষ।

তারুণ্যের ঐক্য ফাউন্ডেশনের সভাপতি মো. মারুফ হোসেন তার বক্তব্যে বলেন, মাদকের ভয়াবহতা আজ স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের মধ্যেও ছড়িয়ে পড়েছে। আমাদের এলাকায় আজকের পর থেকে কাউকে মাদক ব্যবসা মাদক সেবন করতে দিবো না। প্রয়োজনে মাদক কারবারিদেরকে একঘর করবো। তবুও আমাদের মাদকের বিরুদ্ধে লড়তে হবে যুব সমাজ তরুণ সমাজ বাঁচাতে হবে।

মানববন্ধনে মোবাশ্বের জুয়েল বলেন, মাদকের ভয়াবহতা ক্যান্সারের চেয়েও বেশি দ্রুত ছড়িয়ে যায়। যার ফলে শুধু একজন ব্যক্তির জীবন নষ্ট হয়না। পুরো সমাজ রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করতে আজ আমরা এক সারিতে দাঁড়িয়েছি। আমাদের পরিস্কার মেসেজ হলো মাদক কারবারিকে মাদক ব্যবসা ছাড়তে হবে। অন্যথায় আমরা তাদের বিরুদ্ধে সামাজিক শাস্তির পদক্ষেপ নিবো। তাদের এলাকা ছাড়া করবো।

বিএনপির নেতা আতাউর রহমান আতা বলেন, মাদক কারবারিদের বিরুদ্ধে আমাদের বক্তব্য হলো তাদের মাদক ব্যবসা ছাড়তে হবে। নয়তোবা তাদের এলাকা ছাড়তে হবে। আজকের পর থেকে যদি কেউ এই অঞ্চলে মাদক ব্যবসা করে তাদের হাতপা ভেঙে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে দেওয়া হবে। প্রয়োজনে তাদের বসতবাড়ি ভেঙে গুড়িয়ে এলাকা ছাড়া করা হবে।

কাওরাইদ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এমদাদ হোসেন মণ্ডল বলেন, আজকে আমাদের পরিস্কার বার্তা, এটি শেষ বার্তা মাদক ব্যবসা মাদক সেবন ছাড়তে হবে। এটা না করতে পারলে আজকের পর থেকে আমাদের কঠোর পদক্ষেপ সামাজিক আন্দোলন সামাজিক শাস্তি শুরু হবে। একজনকে ছাড় দেওয়া হবে না। মাদক ব্যবসা না ছাড়লে বসতবাড়ি ভেঙে গুড়িয়ে দেয়া হবে তাদের।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, কাওরাইদ ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ড সদস্য, জসিম উদ্দিন দাদন মীর, সংরক্ষিত নারী সদস্য পারভীন আক্তার নিশিসহ বিভিন্ন শ্রেণী পেশার কয়েক শতাধিক নারীপুরুষ।