তাহিরপুরে ইয়াবার আস্তানায় র‍্যাবের হানা, ১১৫ পিস ইয়াবাসহ আটক ২

0
তাহিরপুরে ইয়াবার আস্তানায় র‍্যাবের হানা, ১১৫ পিস ইয়াবাসহ আটক ২

তাহিরপুর প্রতিবেদক: হাওরপাড়ের শান্ত জনপদ তাহিরপুরে মাদকের বিস্তার ঠেকাতে আবারও সক্রিয় আইনশৃঙ্খলা বাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বালিজুড়ী এলাকায় একটি বসতঘরে অভিযান চালিয়ে ১১৫ পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে আটক করেছে র‍্যাব-৯।

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে উপজেলার বালিজুড়ী ইউনিয়নের বালিজুড়ী পূর্বহাটি এলাকায় এ অভিযান পরিচালনা করে র‍্যাব-৯,সিপিসি-৩, সুনামগঞ্জের একটি আভিযানিক দল।

র‍্যাব সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে,বালিজুড়ী পূর্বহাটি এলাকার একটি বসতঘরে কয়েকজন মাদক কারবারি ইয়াবা ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। পরে দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে সেখানে অভিযান চালায় র‍্যাবের দল।এসময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বসতঘরের বারান্দায় ঝুলন্ত একটি জিপারের ভেতর তল্লাশি চালিয়ে ১১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটককৃত ব্যক্তিরা আলী হোসেন (৩৩), পিতা আশরাফ উদ্দিন এবং এনামুল (৩৫),পিতা মৃত নিজাম উদ্দিন। তারা দুজনই তাহিরপুর উপজেলার বালিজুড়ী এলাকার বাসিন্দা।

র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানায়, তারা পরস্পর যোগসাজশে সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিল। র‍্যাব জানায়,উদ্ধারকৃত ইয়াবা জব্দ করা হয়েছে। আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় আইনগত ব্যবস্থা গ্রহণ করে তাদের ও জব্দকৃত আলামত তাহিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে র‍্যাবের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে। সীমান্তবর্তী এলাকা দিয়ে মাদক প্রবেশ ও এর স্থানীয় সরবরাহ বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীর এমন অভিযান অব্যাহত থাকবে—এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।