নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে পাঁচ বছরের শিশু জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যা মামলায় একমাত্র আসামি রবিউল সিকদার রবিকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে নড়াইলের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক শেখ ছামিদুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
আদালত সূত্রে জানা যায়, নড়াইল সদর উপজেলার পাঁচ বছর বয়সী শিশু জান্নাতুল মাওয়াকে ধর্ষণের পর হত্যা করা হয়। এ ঘটনায় রবিউল সিকদার রবিকে একমাত্র আসামি করে মামলা করা হয়। বিচারিক কার্যক্রম শেষে আদালত তাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের আদেশ দেন।
হত্যাকাণ্ডের মাত্র এক মাসের মধ্যে এবং আদালতে বিচারিক কার্যক্রম শুরু হওয়ার মাত্র আট কর্মদিবসের মধ্যে মামলাটির রায় ঘোষণা করা হয়।
রায় ঘোষণার সময় আসামি রবিউল সিকদার রবি আদালতে উপস্থিত ছিলেন।
এদিকে, রায়ে সন্তোষ প্রকাশ করে জান্নাতুল মাওয়ার স্বজনরা দ্রুত মৃত্যুদণ্ড কার্যকর করার দাবি জানিয়েছেন।

