কুমিল্লা প্রতিনিধি: সরকার ফ্যাসিবাদের দিকে এগোচ্ছে এবং জুলাই সনদ বাস্তবায়ন থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করছে বলে কঠোর অভিযোগ এনেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আগামী সেপ্টেম্বরের মধ্যে নির্বাচিত সরকারের ১৮০ দিনের মধ্যে ‘জুলাই সনদ’ বাস্তবায়নের অঙ্গীকার পূরণ করতে হবে। সংসদ অধিবেশন ডেকে তা বাস্তবায়ন করা না হলে জনগণকে সঙ্গে নিয়ে কঠোর রাজপথের আন্দোলনে নামবে জামায়াত।
শুক্রবার (২৮ আগস্ট) কুমিল্লায় জামায়াতের ইউনিট সভাপতি সম্মেলন ও স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
নাম উল্লেখ না করে স্বরাষ্ট্রমন্ত্রীর তীব্র সমালোচনা করে গোলাম পরওয়ার বলেন, “এদেশে একজন ‘সব বিষয়ক মন্ত্রী’ রয়েছেন, যিনি সব মন্ত্রণালয় নিয়ে মন্তব্য করতে পছন্দ করেন এবং জাতীয় সংসদের বিরোধী দলকে খাটো করে কথা বলেন। অথচ তাঁর নিজ মন্ত্রণালয়ের অধীনে থাকা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবক্ষয় ও অবনতির দিকে কোনো নজর নেই।”
সরকার সর্বক্ষেত্রে স্বজনপ্রীতি ও দলীয়করণ করছে বলে অভিযোগ তুলে জামায়াত মহাসচিব বলেন, সিটি করপোরেশন, পৌরসভা ও জেলা পরিষদসহ স্থানীয় সরকারের বিভিন্ন প্রশাসনে দলীয় ব্যক্তিদের বসানো সম্পূর্ণ অসাংবিধানিক। নির্দলীয় বা অন্তর্বর্তী সরকার থাকলে এমন প্রশাসক নিয়োগ যুক্তিযুক্ত হতে পারতো; কিন্তু নির্বাচিত সরকার থাকা অবস্থায় নির্বাচনের সুযোগ না দিয়ে প্রশাসক বসানো আইনসিদ্ধ নয়। দ্রুত স্থানীয় সরকার নির্বাচন দিয়ে জনপ্রতিনিধি নির্বাচনের পরিবেশ তৈরির আহ্বান জানান তিনি।
বিগত ছয় মাসে দেশে কোনো দৃশ্যমান উন্নয়ন হয়নি দাবি করে তিনি বলেন, বিরোধী দলের সংসদ সদস্যদের নির্বাচনী এলাকায় সুষম বরাদ্দ দেওয়া হচ্ছে না। নির্বাচিত সংসদ সদস্যদের মূল ভূমিকা খর্ব করে সেখানে শাসকদলের সংরক্ষিত নারী এমপিদের তদারকির দায়িত্ব দেওয়া হচ্ছে। সরকার রাজনৈতিক প্রতিপক্ষকে আরও খাটো করার এই চর্চা বন্ধ না করলে, সমতার স্বার্থে বিরোধী দলের ১৩ জন সংরক্ষিত নারী এমপিকেও সরকারি আসনগুলোয় তদারকির দায়িত্ব দেওয়ার দাবি জানান তিনি।
মতবিনিময় সভা শেষে বিকেল ৩টায় কুমিল্লা-নোয়াখালী অঞ্চলের জেলা ও মহানগরী কর্মপরিষদ সদস্যদের নিয়ে এক বিশেষ শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অঞ্চল পরিচালক ও কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম। শিবিরের সঞ্চালনায় ছিলেন কুমিল্লা মহানগরী জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদ।
এর আগে সকালে চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের ইউনিট প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়, যেখানে চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমানের সভাপতিত্বে কেন্দ্রীয় ও স্থানীয় বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

