জয়পুরহাট প্রতিবেদক: কিশোর-কিশোরী ও যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে দূরে রাখতে এবং সুস্থ, সুন্দর শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে জয়পুরহাটের আক্কেলপুরে শিক্ষার্থীদের মাঝে ফুটবলসহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে আক্কেলপুর মুজিবুর রহমান ডিগ্রি কলেজ মাঠে জয়পুরহাট জেলা পরিষদের অর্থায়নে আয়োজিত এক অনুষ্ঠানে এ সব সামগ্রী বিতরণ করা হয়। । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়াড়দের হাতে ফুটবল ও অন্যান্য খেলাধুলার সরঞ্জাম তুলে দেন জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আক্কেলপুর উপজেলা বিএনপির সভাপতি কামরুজ্জামান কমল, সাধারণ সম্পাদক আরিফ ইফতেখার রানা, , পৌর বিএনপির সভাপতি আফাজ উদ্দিন, সাধারণ সম্পাদক আমিনুর ইসলাম পল্টু, সাবেক মেয়র ও বিএনপি নেতা আলমগীর চৌধুরী, বিএনপি নেতা আমিনুর রহমান ইকু, রফিকুল ইসলাম চপল প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা তরুণ ও কিশোরদের লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলায় মনোনিবেশ করার আহ্বান জানান। তারা বলেন, খেলাধুলা মানুষকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখে এবং মাদকসহ বিভিন্ন সামাজিক ব্যাধি থেকে দূরে রাখতে সাহায্য করে। সুস্থ ও মাদকমুক্ত সমাজ গঠনে এমন উদ্যোগ খুবই প্রশংসনীয়।
এই উদ্যোগে স্থানীয় তরুণ-তরুণী ও অভিভাবকরা খুশি হয়েছেন। তারা মনে করেন, এমন উদ্যোগের মাধ্যমে যুবসমাজ মাদকের হাত থেকে রক্ষা পাবে এবং সুস্থ ধারার জীবনযাত্রায় ফিরে আসবে।

