রংপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন

0
রংপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন

জয়নাল আবেদীন: সারাদেশে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও বিশেষ পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। এরই অংশ হিসেবে রংপুরে উদ্বোধন করা হয় তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও বিশেষ পরিচ্ছন্নতা কর্মসূচির।

শনিবার জেলা প্রশাসনের আয়োজনে সকালে কালেক্টরেট সুরভী উদ্যানে কর্মসূচির উদ্বোধন কার্যক্রমে জেলা প্রশাসক ইশরাত জাহানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রংপুর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান শামসুজ্জামান সামু, রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী ডন, জেলা পরিষদ প্রশাসক সাইফুল ইসলামসহ রংপুর বিভাগীয় ও জেলা প্রশাসনের উর্ধতন কর্মকর্তা ছাড়াও জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ, বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যবৃন্দ, বিভিন্ন স্কুল- কলেজের শিক্ষার্থীবৃন্দ এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানে সংক্ষিপ্ত সচেতনতামূলক আলোচনা শেষে ফগার মেশিন ও ঝাড়– দিয়ে অতিথিগণ তিন মাস ব্যাপী রংপুরে ডেঙ্গু প্রতিরোধ ও বিশেষ পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করেন।এর আগে রংপুর টাউনহল চত্বরে রংপুর সিটি কর্পোরেশনের আয়োজনে তিন মাস ব্যাপী প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক ডেঙ্গু প্রতিরোধ ও বিশেষ পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন সরাসরি প্রচার করা হয়।এ ব্যাপারে রংপুর সিটি প্রশাসক মাহফুজ উন নবী ডন বলেন, “ডেঙ্গু মুক্ত পরিবেশ গড়তে কেবল সরকারের ওপর নির্ভর করলেই চলবে না, আমাদের সকলকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে।

বাড়ির চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার মাধ্যমেই আমরা ডেঙ্গু প্রতিরোধে সফল হতে পারব।” সিটি কর্পোরেশনের প্রায় ৮ শত পরিচ্ছন্নতা কর্মী এই কর্মসূচিতে অংশ নিয়েছে।