লক্ষ্মীপুরে ১২১ জনের মাঝে ২৩ লাখ ৫৬ হাজার টাকা সুদমুক্ত ক্ষুদ্রঋণ বিতরণ

0

মো: রবিউল ইসলাম: জেলার সদর উপজেলায় বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে আয়বর্ধনমূলক কাজে লাগিয়ে দারিদ্য নিরসনের লক্ষ্যে সরকারের পল্লী সমাজসেবা কার্যক্রমের (আরএসএস) অধীনে সুদমুক্ত ক্ষুদ্রঋণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুরে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ঋণ বিতরণ অনুষ্ঠিত হয়। এসময় ১২১ জন ঋণ গ্রহীতার মাঝে বিভিন্ন হারে ২৩ লাখ ৫৬ হাজার টাকা বিতরণ করা হয়। উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মুহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা এস আর আরমান শাকিল। বিশেষ অতিথি ছিলেন, জেলা সমাজসেবা উপ-পরিচালক মো. নুরুল ইসলাম পাটওয়ারী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদা আক্তার, দক্ষিণ হামছাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর শাহ আলম প্রমুখ। বক্তারা বলেন, ‘দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে ১৯৭৪ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পল্লী সমাজসেবা কার্যক্রমের অধীনে সুদমুক্ত ক্ষুদ্রঋণ চালু করেন। এরপর থেকে এ কার্যক্রম বাস্তবায়নে কাজ করছে সমাজসেবা অধিদপ্তর। ইতোমধ্যে দেশের বিভিন্ন অঞ্চলের দুস্থ ও অসহায় জনগোষ্ঠী সরকারিভাবে সুদমুক্ত ক্ষুদ্রঋণ গ্রহণ করে নিজেদের অবস্থার পরিবর্তন করতে সক্ষম হয়েছে’।