‘আলেকজান্ডারের উত্তরাধিকারীদের পরিণতি হবে ভ্যালেরিয়ানের মতো, তোমাদেরও হাঁটু গেড়েই বসতে হবে’: ওয়াশিংটনকে কঠোর হুঁশিয়ারি ইরানি স্পিকারের

0
‘আলেকজান্ডারের উত্তরাধিকারীদের পরিণতি হবে ভ্যালেরিয়ানের মতো, তোমাদেরও হাঁটু গেড়েই বসতে হবে’: ওয়াশিংটনকে কঠোর হুঁশিয়ারি ইরানি স্পিকারের

আন্তর্জাতিক ডেস্ক: আমেরিকার সাম্প্রতিক সাম্রাজ্যবাদী ও পশ্চিমা আধিপত্যবাদী বক্তব্যের তীব্র জবাব দিয়েছে ইরান। ইরানের প্রাচীন সভ্যতা ও ইতিহাস মুছে ফেলার যেকোনো অপচেষ্টা বিদেশি শক্তিগুলোকে ধুলোয় মিশে অপমানের মুখে ফেলবে বলে মন্তব্য করেছেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর এক উসকানিমূলক বক্তব্যের প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে স্পষ্ট ভাষায় জানিয়েছেন, যারা প্রাচীন গ্রিস ও আলেকজান্ডারের পথ অনুসরণ করতে চাইবে, তাদের চূড়ান্ত পরিণতি হবে রোমান সম্রাট ভ্যালেরিয়ানের মতোই লজ্জাজনক—শেষ পর্যন্ত তাদেরও হাঁটু গেড়ে বসতে হবে।

সম্প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও গ্রিসের এথেন্সে দেওয়া এক বক্তব্যে দাবি করেন যে, পশ্চিমা বিশ্ব তাদের দীর্ঘ ঘুম থেকে জেগে উঠতে পারে এবং হাজার বছর আগে প্রাচীন গ্রিসে প্রথম প্রজ্বালিত হওয়া আগুন পুনরায় জ্বালাতে পারে। ওয়াশিংটনের এই আধিপত্যকামী দৃষ্টিভঙ্গির কড়া সমালোচনা করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ লেখেন:

“ইতিহাসজুড়ে আমরা ইরানিরা নিজেদের মহাবিশ্বের অধিপতি দাবি করা এমন শক্তির মুখোমুখি হয়েছি, যারা প্রাচীন সভ্যতাগুলোকে মুছে ফেলতে চেয়েছে। তারা আগুন আর ধ্বংসযজ্ঞ নিয়ে এসেছিল, কিন্তু শেষ পর্যন্ত ধুলো আর লজ্জা নিয়ে ফিরে গেছে। যারা আলেকজান্ডারের উত্তরাধিকার অনুসরণ করতে চায়, তাদের পরিণতিও হবে ভ্যালেরিয়ানের মতো। তোমাদের হাঁটু গেড়ে বসতে হবে।”

বিশ্লেষকদের মতে, রুবিওর এই ধরনের মন্তব্যের মধ্য দিয়ে স্বাধীন ও সার্বভৌম দেশগুলোর ওপর মার্কিন সাম্রাজ্যবাদের নতুন করে আধিপত্য বিস্তারের সুপ্ত বাসনা ও আগ্রাসী মনোভাবই ফের উন্মোচিত হয়েছে।

ইরানি স্পিকারের বক্তব্যে উঠে আসা ঐতিহাসিক দুটি চরিত্র আন্তর্জাতিক রাজনীতিতে গভীর তাৎপর্য বহন করে। খ্রিষ্টপূর্ব চতুর্থ শতাব্দীতে আলেকজান্ডার দ্য গ্রেট পারস্য সাম্রাজ্য আক্রমণ করলেও সময়ের পরিক্রমায় পারস্য সভ্যতা ঠিকই তার নিজস্ব স্বকীয়তা বজায় রেখে টিকে রয়েছে।

অন্যদিকে, রোমান সম্রাট ভ্যালেরিয়ানের প্রসঙ্গ টেনে গালিবাফ পরাশক্তিগুলোর পতন অনিবার্য বলে বার্তা দিয়েছেন। ২৬০ খ্রিষ্টাব্দে এডেসার ঐতিহাসিক যুদ্ধে সাসানীয় পারস্য সাম্রাজ্যের রাজা প্রথম শাপুরের কাছে শোচনীয়ভাবে পরাজিত ও বন্দি হন রোমান সম্রাট ভ্যালেরিয়ান। ইতিহাসে তিনিই একমাত্র রোমান সম্রাট যিনি যুদ্ধবন্দি হিসেবে অন্য সাম্রাজ্যের হাতে আটক হয়েছিলেন। এই ঐতিহাসিক উদাহরণের মাধ্যমে বর্তমান যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের শক্তির অহংকার চূর্ণ হয়ে ধূলিস্যাৎ হয়ে যাওয়ার হুশিয়ারি উচ্চারণ করেছেন শীর্ষ এই ইরানি আইনপ্রণেতা।

বর্তমান সময়ে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বহুমুখী চাপ, সামরিক হুমকি, অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে গালিবাফের এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তেহরানের শীর্ষ নেতৃত্ব মনে করে, পশ্চিমা শক্তির পক্ষ থেকে এ ধরনের হুমকি বা আলটিমেটাম নতুন কিছু নয়, বরং এটি অতীতের ব্যর্থ সামরিক ও রাজনৈতিক অভিযানেরই এক চর্বিতচর্বন রূপ। মার্কিন অর্থনৈতিক চাপ ও সামরিক আগ্রাসনের মুখে ইরান কখনোই নতি স্বীকার করবে না এবং যেকোনো বহিঃশক্তির ঔদ্ধত্য রুখে দিতে তেহরান সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।