অতীত পেছনে ফেলে পাকিস্তানের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

0
অতীত পেছনে ফেলে পাকিস্তানের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

বিশেষ প্রতিবেদকঃ অতীতের তিক্ত অভিজ্ঞতা ও বিষয়গুলো পেছনে ফেলে বাংলাদেশ ও পাকিস্তানের জনগণের মধ্যে বিদ্যমান পারস্পরিক ভালোবাসা ও শ্রদ্ধার ভিত্তিতে দ্বিপক্ষীয় সম্পর্কের এক নতুন ও শক্তিশালী অধ্যায় শুরুর প্রত্যাশা ব্যক্ত করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি মনে করেন, বাণিজ্য, বিনিয়োগ এবং ব্যবসায়িক সহযোগিতা বাড়ানোর মাধ্যমে উভয় দেশের এই সম্পর্ককে আরও সুদৃঢ় ও গতিশীল করা সম্ভব।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পাকিস্তানের লাহোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এলসিসিআই) আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের নেতৃত্বে সফররত বাংলাদেশের একটি উচ্চপর্যায়ের সংসদীয় প্রতিনিধিদল লাহোর চেম্বার পরিদর্শন করলে এই সভা অনুষ্ঠিত হয়। এ সময় দুই দেশের মধ্যকার দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ ও অর্থনৈতিক সহযোগিতার নতুন নতুন সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় নিজের অনুভূতির কথা জানিয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, বর্তমান পাকিস্তান সফর তার জন্য এক অত্যন্ত স্মরণীয় অভিজ্ঞতা। পাকিস্তানের শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে প্রতিনিধিদলকে যে আন্তরিক অভ্যর্থনা ও আতিথেয়তা জানানো হয়েছে, তা সত্যিই প্রশংসনীয়। তিনি জোর দিয়ে বলেন, দুই দেশের মধ্যকার সম্পর্ককে সামনে এগিয়ে নিতে হলে উভয় দেশের ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে সরাসরি যোগাযোগ ও আস্থার সম্পর্ক গড়ে তোলা অত্যন্ত জরুরি।

বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধির রূপরেখা তুলে ধরে তিনি আরও বলেন, পাকিস্তানের লাহোর চেম্বারের সাথে বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম ও সিলেট চেম্বার অব কমার্সের প্রাতিষ্ঠানিক যোগাযোগ বৃদ্ধি করতে হবে। পাশাপাশি ব্যবসায়ী প্রতিনিধিদলের পারস্পরিক সফর বিনিময় এবং নিয়মিত ব্যবসায়ী-ব্যবসায়ী (বিটুবি) বৈঠক আয়োজনের মাধ্যমে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বহুলাংশে সম্প্রসারণ করা যেতে পারে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন লাহোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এলসিসিআই) সভাপতি আলী হুসাম আসগর। তিনি বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সংসদীয়, বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির ভূয়সী প্রশংসা করে আলী হুসাম আসগর বলেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশের শিল্প খাতের অভাবনীয় উন্নয়ন, রপ্তানি পণ্যের বহুমুখীকরণ, ব্যবসায়িক সংস্কার এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীদের ক্রমবর্ধমান অংশগ্রহণ বিশ্বজুড়ে প্রশংসিত। বাংলাদেশের এসব সাফল্য ও অভিজ্ঞতা থেকে পাকিস্তানও ব্যাপকভাবে উপকৃত হতে পারে। পাশাপাশি তিনি তথ্যপ্রযুক্তি, প্রকৌশল, চামড়া, কৃষি ও ক্রীড়াসামগ্রী খাতে যৌথ সহযোগিতার সম্ভাবনার কথা উল্লেখ করেন।

সভায় আরও বক্তব্য রাখেন লাহোর চেম্বারের সিনিয়র সহসভাপতি সরদার উসমান ঘানি এবং সহসভাপতি চৌধুরী খাদিম হোসেন। সিনিয়র সহসভাপতি সরদার উসমান ঘানি আশা প্রকাশ করেন, বাংলাদেশি সংসদীয় প্রতিনিধিদলের এই ঐতিহাসিক সফরের মাধ্যমে দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও ব্যবসায়িক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হবে। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন চেম্বারের সহসভাপতি চৌধুরী খাদিম হোসেন।

গুরুত্বপূর্ণ এই দ্বিপক্ষীয় অনুষ্ঠানে পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ ইকবাল হোসেন খান উপস্থিত ছিলেন। এ ছাড়া স্পিকারের সফরসঙ্গী হিসেবে বাংলাদেশের সংসদ সদস্য ও পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জাহরাত আদিব চৌধুরী, সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী, মুহাম্মদ নাজিবুর রহমান, নিলুফার চৌধুরী মনি এবং সংসদ সদস্য ও বাংলাদেশ-পাকিস্তান পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপের সভাপতি নাসের রহমান বৈঠকে অংশ নেন।

উল্লেখ্য, দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও এগিয়ে নিতে আগামী ২৯ নভেম্বর ঢাকায় বাংলাদেশ ও পাকিস্তানের ট্রেডিং করপোরেশনের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।