সতিনের ওপর ক্ষোভ, ঘুমন্ত স্বামীর লিঙ্গচ্ছেদ: রাজশাহীতে দ্বিতীয় স্ত্রী আটক

0
সতিনের ওপর ক্ষোভ, ঘুমন্ত স্বামীর লিঙ্গচ্ছেদ: রাজশাহীতে দ্বিতীয় স্ত্রী আটক

রাজশাহী প্রতিনিধি:রাজশাহীর পুঠিয়ায় সতিনের সঙ্গে পারিবারিক বিরোধ ও কলহের জেরে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দেওয়ার এক নৃশংস অভিযোগ উঠেছে দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে। শনিবার (১০ অক্টোবর) ভোররাতে পুঠিয়া উপজেলার মাহিন্দ্রা বাজার এলাকার একটি ভাড়া বাসায় এ বিভৎস ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ভুক্তভোগী আশরাফুল ইসলামকে (৩৫) রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর অভিযুক্ত দ্বিতীয় স্ত্রী রেখা খাতুনকে হেফাজতে নিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পেশায় বাসের হেলপার আশরাফুল ইসলামের বাড়ি পুঠিয়ার তারাপুর গ্রামে, যেখানে তাঁর প্রথম স্ত্রী বসবাস করেন। আর দ্বিতীয় স্ত্রী রেখা খাতুনকে নিয়ে তিনি মাহিন্দ্রা বাজারে একটি আলাদা ভাড়া বাসায় থাকতেন।

দ্বিতীয় স্ত্রীর সঙ্গে বসবাস করলেও আশরাফুল প্রায়ই প্রথম স্ত্রীর কাছে যাতায়াত করতেন। এ নিয়ে বেশ কিছুদিন ধরে দুই স্ত্রীর মধ্যে চরম দ্বন্দ্বে আশরাফুলের সঙ্গে রেখার কলহ লেগেই ছিল। এর জের ধরে শনিবার ভোররাতে আশরাফুল গভীর ঘুমে আচ্ছন্ন থাকা অবস্থায় রেখা খাতুন ব্লেড দিয়ে তাঁর পুরুষাঙ্গ কেটে দেন বলে অভিযোগ ওঠে।

ঘটনার পরপরই স্থানীয়দের খবরে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত ও আশঙ্কাজনক অবস্থায় আশরাফুলকে উদ্ধার করে।

রাজশাহীর বেলপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহত আশরাফুলকে তাৎক্ষণিকভাবে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ৫ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। বর্তমানে সেখানেই তাঁর চিকিৎসা চলছে। অদ্ভুত এক পরিস্থিতিতে হাসপাতালে চিকিৎসাধীন স্বামীর দেখভাল ও সেবাশ্রুষা করছেন তাঁর প্রথম স্ত্রী।

ঘটনার পরই অভিযুক্ত দ্বিতীয় স্ত্রী রেখা খাতুনকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বেলপুকুর থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।