রাজশাহীতে শিশু ধর্ষণ মামলায় ১ আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড

0
রাজশাহীতে শিশু ধর্ষণ মামলায় ১ আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড

রাজশাহী প্রতিনিধি : রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানায় দায়ের করা শিশু ধর্ষণ মামলায় মোঃ আব্দুর জব্বার মাহমুদ ওরফে জিহাদী নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

রবিবার (১৮ অক্টোবর) রাজশাহী মহানগরীর শিশু সহিংসতা অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ নুরজ্জামান সরকার এ রায় ঘোষণা করেন। মামলার সূত্রে জানা যায়, বোয়ালিয়া মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে আসামি মোঃ আব্দুর জব্বার মাহমুদ ওরফে জিহাদীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করা হয়। তিনি সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ থানার বাইতারা গ্রামের মৃত ফকির মাহমুদের ছেলে। তাঁর বর্তমান ঠিকানা রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার ছোটবনগ্রাম ক্লাব মোড় এলাকায়।

মামলাটি তদন্ত শেষে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) আদালতে অভিযোগপত্র দাখিল করে। পরবর্তী সময়ে বিচারিক কার্যক্রম শেষে আদালত আসামিকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেন।

আদালতের এ রায়ের মধ্য দিয়ে মামলাটির বিচারিক কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ পর্যায় সম্পন্ন হলো।