পঞ্চগড় প্রতিনিধিঃ শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। পঞ্চগড় জেলার ২৬৮টি মন্দির ও মণ্ডপে পূজাকে কেন্দ্র করে পর্যাপ্ত সদস্য মোতায়েন, গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়েছে।
এ উপলক্ষে রবিবার (১৮ অক্টোবর) সকালে পঞ্চগড় কেন্দ্রীয় সার্বজনীন দুর্গাপূজা মন্দিরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এসআরবি-১৩ রংপুরের সিপিসি-২, নীলফামারী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার ও সহকারী পুলিশ সুপার আবু রোহানি পারভেজ রনী।
এতে বলা হয়, পূজাকে কেন্দ্র করে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় এসআরবি সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে।
শুক্রবার (১৬ অক্টোবর) ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু এবারের দুর্গোৎসব। প্রতিমা বিসর্জন না হওয়া পর্যন্ত নিরাপত্তা ব্যবস্থায় এসআরবি (স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন) সদস্যরা মোতায়েন থাকবে।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং নাশকতাসহ যেকোনো অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে। এর পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি ও টহল বাড়ানো হয়েছে।
এসআরবি-১৩, রংপুরের কন্ট্রোল রুমের মাধ্যমে স্থানীয় পূজা উদযাপন কমিটি, জনপ্রতিনিধি ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যোগাযোগ ও সমন্বয় রাখা হবে। পূজামণ্ডপে হামলা, প্রতিমা বা পূজার সামগ্রী ভাঙচুর, চুরি, ডাকাতি কিংবা অন্য কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো গুজব ও যাচাইবিহীন তথ্যের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
কোনো উসকানিমূলক বা বিভ্রান্তিকর তথ্য যাচাই না করে শেয়ার না করার অনুরোধ জানিয়েছে এসআরবি। গুজব ও মিথ্যা তথ্য ছড়ানো প্রতিরোধে সংস্থাটির সাইবার মনিটরিং টিম অনলাইনে নজরদারি চালিয়ে যাচ্ছে।
আবু রোহানি পারভেজ রনী প্রেস ব্রিফিংয়ে আরও বলেন, ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রেখে দুর্গাপূজা উদযাপনে সবার সহযোগিতা প্রয়োজন। প্রতিমা বিসর্জনের দিন অতিরিক্ত নিরাপত্তাব্যবস্থা নেওয়া হবে। পূজাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট বা নাশকতার কোনো তথ্য পাওয়া গেলে তা এসআরবিকে জানানোর জন্য গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
এ সময় স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার এটিএম তৌহিদুল ইসলাম এবং জেলা পূজা উদযাপন কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

