
চট্টগ্রাম ব্যুরোঃ চট্টগ্রামের বন্দর এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলে বাধা দেওয়াকে কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হয়েছে পোর্ট কানেকটিং রোড। মিছিলকারীদের ছোড়া ইটপাটকেল ও হামলায় বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) পুলিশের অন্তত ৬ জন সদস্য আহত হয়েছেন। এ সময় পুলিশের একটি পিকআপ ভ্যানের কাচ ভাঙচুর করে হামলাকারীরা।
শুক্রবার (৬ নভেম্বর) বিকেল ৩টার দিকে বন্দর থানার পোর্ট কানেকটিং রোডের ব্যস্ততম তালতলা মোড় এলাকায় এ সহিংসতার ঘটনা ঘটে। পরে ধাওয়া দিয়ে ঘটনাস্থল থেকেই নিষিদ্ধ সংগঠনের ১৬ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে দণ্ডপ্রাপ্ত বা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা সংগঠনটির পক্ষে হঠাৎ তালতলা এলাকায় এক ঝটিকা মিছিল বের করেন। সরকারবিরোধী স্লোগান নিয়ে মিছিলটি প্রধান সড়কের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে টহলরত পুলিশের একটি টিম দ্রুত সেখানে গিয়ে বাঁধাপ্রদান করে।
পুলিশের উপস্থিতি টের পেয়ে মিছিলকারীরা উত্তেজিত হয়ে পড়ে এবং আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে চারপাশ থেকে এলোপাতাড়ি ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। একপর্যায়ে হামলাকারীরা পুলিশের টহল গাড়িতে হামলা চালিয়ে সেটির জানালার কাচ চুরমার করে দেয়। ইটের আঘাতে বন্দর থানার ওসি আবদুর রহিমসহ পুলিশের ৬ সদস্য শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়ে মারাত্মকভাবে আহত হন।
হামলার আকস্মিকতা সামলে নিয়ে পুলিশ অতিরিক্ত ফোর্স তলব করে এবং তাৎক্ষণিক প্রতিরোধ গড়ায়। এলাকাজুড়ে শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া। একপর্যায়ে পুলিশ হামলাকারীদের ছত্রভঙ্গ করে দেয় এবং ঘটনাস্থল ঘেরাও করে সরাসরি হামলায় জড়িত ১৬ জন আওয়ামী লীগ নেতাকর্মীকে হাতেনাতে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
ঘটনার পরপরই পুরো বন্দর ও তালতলা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। বর্তমানে সেখানে থমথমে পরিস্থিতি বিরাজ করলেও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
এ ঘটনায় বন্দর থানায় দায়িত্বরত পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা প্রদান এবং সন্ত্রাসী বিরোধী আইনের কঠোর ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
ঘটনার বিবরণ দিয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম জানান, “কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দলটির নেতাকর্মীরা আকস্মিক মিছিল থেকে পুলিশের ওপর বর্বরোচিত হামলা চলায় এবং আমাদের গাড়ির কাচ ভাঙচুর করে। হামলার মুখেও পুলিশ সদস্যরা অসীম সাহসিকতার সাথে ধাওয়া দিয়ে ঘটনাস্থল থেকে ১৬ জনকে আটক করতে সক্ষম হয়েছে। ওই মিছিলে সম্পৃক্ত অন্য মূল পরিকল্পনাকারী ও ইন্ধনদাতাদের শনাক্ত করা হয়েছে, তাদের গ্রেপ্তারে পুরো নগরে সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে।”
পুলিশের ওপর হামলা এবং নিষিদ্ধ সংগঠনের প্রকাশ্যে আইন অমান্যের এই ঘটনায় নগরজুড়ে সাধারণ মানুষের মাঝে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
