গোপন ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল: উজিরপুরে স্বেচ্ছাসেবক দল নেতা হাতেনাতে আটক, গণপিটুনির পর পুলিশে সোপর্দ

0
গোপন ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল: উজিরপুরে স্বেচ্ছাসেবক দল নেতা হাতেনাতে আটক, গণপিটুনির পর পুলিশে সোপর্দ

বরিশাল প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে রাতের আঁধারে নারীদের অজান্তে সংবেদনশীল ও আপত্তিকর ভিডিও চিত্র ধারণ এবং তা দিয়ে ব্ল্যাকমেইল করার চাঞ্চল্যকর অভিযোগে বায়জীদ হোসেন মিঠু নামে এক স্থানীয় রাজনৈতিক নেতাকে আটক করে গণধোলাই দিয়েছে বিক্ষুব্ধ জনতা। পরে তাকে উদ্ধার করে থানায় সোপর্দ করা হয়েছে। অভিযুক্ত বায়জীদ হোসেন মিঠু উজিরপুর পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক পদে দায়িত্ব পালন করছিলেন।

শনিবার (৭ নভেম্বর) রাতে উজিরপুর উপজেলা পরিষদ সংলগ্ন একটি আবাসিক এলাকায় ঘটনাটির সূত্রপাত হয়। স্থানীয় সূত্রে জানা যায়, মিঠু দীর্ঘদিন ধরে গোপনে স্থানীয় নারীদের ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ধারণ করে আসছিলেন। পরবর্তীতে সেই ভিডিও প্রকাশ্যে আনার হুমকি ও সামাজিক মর্যাদাহানির ভয় দেখিয়ে নারীদের অনৈতিক প্রস্তাব দিতেন এবং সোপর্দ হতে বাধ্য করার অপচেষ্টা চালাতেন। শনিবার রাতে একইভাবে গোপন ভিডিও ধারণের সময় এলাকাবাসী তাকে হাতেনাতে ধরে ফেলে।

ঘটনার জানাজানি হতেই মুহূর্তের মধ্যে উপজেলা পরিষদ সংলগ্ন এলাকায় তীব্র জনরোষ ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ জনতা অভিযুক্ত মিঠুকে ধরে রাস্তার পাশের একটি খুঁটির সঙ্গে বেঁধে গণপিটুনি দেয়। আটককালে এলাকাবাসী তার ব্যবহৃত মুঠোফোনটি তল্লাশি করে কয়েক শতাধিক নারীর বিভিন্ন গোপনীয় ভিডিও ক্লিপের সন্ধান পায় বলে দাবি করেছেন স্থানীয়রা। একাধিক ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীদের মতে, এই ডিজিটাল ব্ল্যাকমেইল চক্রের সঙ্গে তার আরও কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা দরকার।

স্থানীয় অধিবাসীরা অভিযোগ করে জানান, বায়জীদ হোসেন মিঠুর অপরাধের সাম্রাজ্য কেবল ডিজিটাল ব্ল্যাকমেইলেই সীমাবদ্ধ নয়। এলাকায় তার বিরুদ্ধে মাদক ব্যবসা পরিচালনা, চুুরি, ছিনতাই ও নানা ধরনের সামাজিক অপরাধমূলক কর্মকাণ্ডে সরাসরি যুক্ত থাকার একাধিক অভিযোগ রয়েছে। এতদিন রাজনৈতিক পরিচয়ের আড়ালে তিনি এসব অপকর্ম চালিয়ে আসছিলেন বলে দাবি স্থানীয়দের।

খবর পেয়ে উজিরপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত জনতার হাত থেকে অভিযুক্তকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।

এ বিষয়ে উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ‘খবর পাওয়া মাত্রই পুলিশ টিম পাঠায়ে ওই ব্যক্তিকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। স্থানীয়দের কাছ থেকে ভিডিও ধারণ ও ব্ল্যাকমেইলিংয়ের বেশ কিছু গুরুতর অভিযোগ আমরা পেয়েছি। তার ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়েছে এবং বিষয়টি গভীরভাবে তদন্ত করা হচ্ছে। তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’