জাতীয় সমবায় দিবসে পুরস্কৃত হলেন রংপুরের শ্রেষ্ঠ সমবায় সমিতি ও সমবায়ী

0
জাতীয় সমবায় দিবসে পুরস্কৃত হলেন রংপুরের শ্রেষ্ঠ সমবায় সমিতি ও সমবায়ী

জয়নাল আবেদীন: ৫৫ তম জাতীয় সমবায় দিবসে রংপুরের শ্রেষ্ঠ সমবায় সমিতি ও সমবায়ীকে পুরস্কৃত করা হয়েছে। বিভাগীয় প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে রবিবার সকালে শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজনের প্রধান অতিথি অতিরিক্ত বিভাগীয় কমিশনার আব্দুল মোতালেব সরকার বিভাগের ৮টি সমবায় সমিতি ও ৪ জন সমবায়ীর হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।

জেলা প্রশাসক ইসরাত জাহানের সভাপতিত্বে সমবায় দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদীন, জেলা সমবায় কর্মকর্তা জাহিদুল হাসান, বড় রংপুর নগর মীরগঞ্জ কৃষি সমবায় সমিতির সভাপতি নাজমুল আলম নাজু, রংপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংকের অন্তবর্তীকালীন ব্যবস্থাপনা কমিটির সভাপতি রোজোয়ানা ইসলামসহ অন্যরা। সভায় সমবায় সম্পর্কে জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধি, সমবায় আন্দোলনকে গতিশীল করার মাধ্যমে কর্মসংস্থান, জীবন মান বৃদ্ধি, স্থানীয় পণ্যের প্রসার নিয়ে আলোচনা করেন বক্তারা। সেই সাথে নতুন সমবায় সমিতি প্রতিষ্ঠায় সমবায়ের মূল মন্ত্র নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেয়ার আহ্বান জানানো হয়।

এর আগে ‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে পাবলিক লাইব্রেরী মাঠ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এরপর পাবলিক লাইব্রেরী মাঠে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে দিনব্যাপী পণ্য মেলার উদ্বোধন করা হয়।

মেলায় রংপুরের ২১টি সমবায় সমিতির বিভিন্ন পণ্যর স্টল পরিদর্শন করেন অতিথিরা।