নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও সংলগ্ন এলাকার পৃথক দুটি স্থানে যাত্রীবাহী বাস এবং খড়বোঝাই একটি ট্রাকে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোর থেকে সকাল সোয়া ৯টা পর্যন্ত কয়েক ঘণ্টার ব্যবধানে এই নাশকতার ঘটনা ঘটে। আগুনে যানবাহন দুটির ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন চালক, সহকারী ও যাত্রীরা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের মীরের টেক এলাকায় প্রথম অগ্নিসংযোগের ঘটনাটি ঘটে। দিনাজপুর থেকে আসা খড়বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৫-২০৯৬) ভোর সাড়ে ৩টার দিকে মীরের টেক বাজার জামে মসজিদের সামনে মালামাল খালাসের অপেক্ষায় দাঁড়িয়ে ছিল। এ সময় ট্রাকের ভেতরেই ঘুমিয়ে ছিলেন চালক ও হেলপার।
ভোর সাড়ে ৫টার দিকে এক পথচারী নারী আগুন দেখতে পেয়ে চালককে ডেকে তোলেন এবং জানান যে, মোটরসাইকেলে করে আসা তিনজন দুর্বৃত্ত ট্রাকটিতে আগুন ধরিয়ে পালিয়ে গেছে। তাৎক্ষণিক বুদ্ধিমত্তায় চালক জ্বলন্ত ট্রাকটি চালিয়ে প্রায় ১৫০ গজ সামনে নিয়ে যান এবং রাস্তার পাশের জলাশয়ের পানিতে খড় ফেলে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং ফায়ার সার্ভিসের কর্মীরা সকাল সাড়ে ৭টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন।
এই ঘটনার রেশ কাটতে না কাটতেই সকাল সোয়া ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর ব্রিজ এলাকায় (ঢাকাগামী লেনে) ‘তিশা পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। বাসটিতে আগুন ধরে যাওয়ার সঙ্গে সঙ্গে আতঙ্কিত যাত্রীরা দ্রুত নিচে নেমে আসায় বড় ধরনের প্রাণহানি বা হতাহতের ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। তবে আগুনে বাসটির ভেতরের আসন ও কাঠামোর ব্যাপক অংশ পুড়ে গেছে।
ব্যস্ততম মহাসড়কে কয়েক ঘণ্টার ব্যবধানে দুটি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনায় স্থানীয় বাসিন্দা ও সাধারণ যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পর মহাসড়কের ওই অংশে কিছুক্ষণ যান চলাচলে ধীরগতি দেখা দেয়।
এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল রানা জানান, মহাসড়কের পৃথক দুটি স্থানে বাস ও ট্রাকে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে, তবে এতে কেউ হতাহত হননি। ক্ষতিগ্রস্ত বাসটি রেকারের সাহায্যে মহাসড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। নাশকতার এই ঘটনাগুলোর সঙ্গে জড়িত দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

