আত্মগোপনে থাকা যুবলীগ নেতা মাইনুল হোসেন নিখিলের বাসায় হামলা ও অগ্নিসংযোগ

0
আত্মগোপনে থাকা যুবলীগ নেতা মাইনুল হোসেন নিখিলের বাসায় হামলা ও অগ্নিসংযোগ

বাংলাদেশ প্রতিবেদকঃ রাজধানীর মিরপুরে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মাইনুল হোসেন খান নিখিলের বাসায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) রাত ৯টার দিকে মিরপুর ৭ নম্বর সেকশনের মল্লিকা হাউজিং এলাকায় অবস্থিত তাঁর ছয়তলা ভবনের নিচতলায় এ হামলা চালান বিক্ষুব্ধরা।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার রাত ৯টার দিকে ৪০ থেকে ৫০ জনের একটি বিক্ষুব্ধ দল মিছিল নিয়ে মল্লিকা হাউজিংয়ে নিখিলের বাসার সামনে জড়ো হয়। এ সময় তাঁরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে বিক্ষুব্ধরা ভবনটির নিচতলায় অবস্থিত নিখিলের ব্যক্তিগত কার্যালয়ের থাই গ্লাস (কাচ) ভাঙচুর করেন।

পরে তাঁরা কার্যালয় ও নিচতলার কক্ষের ভেতরে প্রবেশ করে আসবাবপত্র, বিভিন্ন সম্মাননা স্মারক (ক্রেস্ট) ও অন্যান্য মালামাল তছনছ করেন। ভাঙচুরের একপর্যায়ে বিক্ষুব্ধরা স্তূপ করা আসবাবপত্রে আগুন ধরিয়ে দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। এতে নিচতলার কার্যালয়ের আসবাব ও কাগজপত্র পুড়ে যায় এবং পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের আগ পর্যন্ত মাইনুল হোসেন খান নিখিল এই বাসাতেই পরিবার নিয়ে বসবাস করতেন এবং নিচতলায় রাজনৈতিক কার্যালয় হিসেবে ব্যবহার করতেন। তবে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই তিনি আত্মগোপনে চলে যান। এরপর থেকে বাসাটি অনেকটাই জনশূন্য অবস্থায় ছিল।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাছের রিকাবদার গণমাধ্যমকে জানান, তিনি হামলার খবরটি শুনেছেন। তবে দিনভর মিরপুর এলাকায় পোশাকশ্রমিকদের আন্দোলন ও সড়ক অবরোধ পরিস্থিতি সামাল দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যস্ত থাকায় তাৎক্ষণিকভাবে ওই ঘটনার বিস্তারিত খোঁজ নেওয়া সম্ভব হয়নি।

ডিসি আরও বলেন, “বর্তমানে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। এ ধরনের ঘটনায় ভুক্তভোগীদের পক্ষ থেকে কোনো অভিযোগ বা আইনি সহায়তা চাওয়া হলে পুলিশ অবশ্যই বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।”

এদিকে, সাম্প্রতিক সময়ে দেশব্যাপী নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে বিভিন্ন স্থানে বিক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। এরই ধারাবাহিকতায় মিরপুরের এই হামলার ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।