গভীর রাতে উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার

0
গভীর রাতে উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার

বাংলাদেশ প্রতিবেদকঃ রাজধানীর উত্তরায় গভীর রাতে বিশেষ অভিযান চালিয়ে সাবেক শিক্ষামন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ২টা ২০ মিনিটের দিকে উত্তরা ৩ নম্বর সেক্টরের ২ নম্বর সড়কের একটি বাসা থেকে তাকে আটক করা হয়।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই আত্মগোপনে ছিলেন নুরুল ইসলাম নাহিদ; এতদিন তাকে প্রকাশ্যে দেখা যায়নি। গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা ৩ নম্বর সেক্টরের ওই বাসায় তার অবস্থানের খবর পায় পুলিশ। তবে পুলিশের অভিযানের আগেই স্থানীয় বিএনপির নেতাকর্মীরা ওই বাসার সামনে অবস্থান নেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গণমাধ্যমকর্মীদের বিষয়টি অবহিত করেন। পরে রাত ২টা ২০ মিনিটের দিকে পুলিশ বাসাটিতে অভিযান চালিয়ে পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

ওসি মোহাম্মদ খালিদ মনসুর জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় নুরুল ইসলাম নাহিদের বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে। বিশেষ করে তার নিজ নির্বাচনী এলাকা সিলেটের বিয়ানীবাজার থানায় দুটি এবং গোলাপগঞ্জ থানায় তিনটিসহ অন্তত পাঁচটি হত্যা মামলায় তাকে প্রধান আসামি বা অন্যতম আসামি করা হয়েছে। গ্রেপ্তারের পর তাকে থানায় রেখে মামলার নথিপত্র ও পরবর্তী আইনি পদক্ষেপগুলো যাচাই-বাছাই করা হচ্ছে।

নুরুল ইসলাম নাহিদ সিলেটের বিয়ানীবাজার-গোলাপগঞ্জ (সিলেট-৬) আসনের সাবেক সংসদ সদস্য। ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সরকার গঠন করলে তিনি শিক্ষামন্ত্রীর দায়িত্ব পান এবং এরপর টানা ১০ বছর এই মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে দলটির শীর্ষ পর্যায়ের অনেক নেতার মতো তিনিও আইনি নজরদারিতে ছিলেন।