লালমনিরহাট প্রতিনিধিঃ এক দিনের সরকারি সফরে উত্তরাঞ্চলের সীমান্তবর্তী জেলা লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে তাকে বহনকারী হেলিকপ্টারটি লালমনিরহাট এয়ারফিল্ডে অবতরণ করে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তার প্রথম লালমনিরহাট সফর। এর আগে বিএনপির জ্যেষ্ঠ নেতা হিসেবে দীর্ঘ ২২ বছর আগে তিনি সর্বশেষ এই জেলা সফর করেছিলেন।
সকালে লালমনিরহাট এয়ারফিল্ডে অবতরণের পর প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী এবং লালমনিরহাট-৩ আসনের সংসদ সদস্য আসাদুল হাবিব দুলু ও বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। এ সময় রংপুর বিভাগীয় কমিশনার, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং লালমনিরহাট জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে আজ সকাল সাড়ে ৮টায় নিজ বাসভবন থেকে রাজধানীর তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী এবং সকাল সোয়া ৯টার দিকে হেলিকপ্টারযোগে লালমনিরহাটের পথে যাত্রা করেন।
শিক্ষা, প্রযুক্তি ও স্থানীয় অবকাঠামো উন্নয়নমূলক তিনটি গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে সরকারপ্রধানের।
এয়ারফিল্ডের আনুষ্ঠানিকতা শেষে সফরের শুরুতেই ‘অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ’ আয়োজিত প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি। পাশাপাশি তিনি বিশ্ববিদ্যালয়টির একাডেমিক ও প্রশাসনিক ক্যাম্পাস পরিদর্শন করেন।
দুপুরে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর এলাকায় পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি স্থানীয় কৃষক ও প্রকল্পের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করবেন।
দুপুরের কর্মসূচি শেষে লালমনিরহাট সার্কিট হাউসে সংক্ষিপ্ত যাত্রাবিরতি নেবেন প্রধানমন্ত্রী। বিকেলে জেলা কালেক্টরেট মাঠে আয়োজিত ‘আলোকিত লালমনিরহাট’ শীর্ষক বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন তিনি।
দীর্ঘ ২২ বছর পর তারেক রহমানের এই আগমনকে ঘিরে লালমনিরহাটজুড়ে সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। সফরকে কেন্দ্র করে জেলা শহর ও অনুষ্ঠানস্থলগুলোতে নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। দিনব্যাপী সব কর্মসূচি শেষে আজ বিকেল বা সন্ধ্যার দিকে হেলিকপ্টারযোগে তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

