গোপালগঞ্জ প্রতিনিধিঃ গোপালগঞ্জে চলমান সহিংসতা ও নাশকতা আরও ভয়াবহ রূপ নিয়েছে। জেলার তৃতীয় সংসদ সদস্য হিসেবে এবার গোপালগঞ্জ-১ (মুকসুদপুর-কাশিয়ানী) আসনের এমপি মো. সেলিমুজ্জামান মোল্লার বাড়িতে ককটেল বিস্ফোরণ, ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের শিবগাতী গ্রামে অবস্থিত তার গ্রামের বাড়িতে এই তাণ্ডব চালানো হয়। একই দিনে জেলা সদর ও আশপাশের এলাকায় টহলরত বিজিবির গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ এবং শহরের একটি সুপারশপে ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটেছে।
মুকসুদপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাজু হামলার বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বেশ কিছু নেতাকর্মী লাঠিসোঁটা ও অস্ত্রশস্ত্র নিয়ে মিছিলসহকারে এমপির বাড়িতে এসে অতর্কিত হামলা চালান। তারা প্রথমে বাড়ির গেট ও ভেতরে ভাঙচুর করেন এবং একাধিক ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করেন।
সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের প্রেস উইংয়ের সদস্য আম্মার মিয়া অসীম গণমাধ্যমকে জানান, সকাল সাড়ে ১০টার দিকে হামলাকারীরা বাসার সামনে জড়ো হয়ে স্লোগান দিতে দিতে ভাঙচুর শুরু করে। একপর্যায়ে তারা পেট্রল ও অকটেন ঢেলে বসতবাড়িতে আগুন ধরিয়ে দেয়। তবে হামলাকারীরা আগুন দেওয়ার আগেই বাড়িতে অবস্থানরত সংসদ সদস্যের স্বজনরা নিরাপদে বেরিয়ে যেতে সক্ষম হওয়ায় কোনো প্রাণহানি বা হতাহতের ঘটনা ঘটেনি।
সকাল থেকেই গোপালগঞ্জ সদর ও উপজেলাগুলোতে দফায় দফায় সহিংসতার খবর পাওয়া গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় টহলরত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এসআরবির গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে অবরোধকারীরা। তবে এতে কোনো সদস্য আহত হয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
অন্যদিকে, গোপালগঞ্জ শহরের ব্যস্ততম পোস্ট অফিস মোড় এলাকায় অবরোধকারীদের একটি মিছিল থেকে ‘এফএনএফ’ নামের একটি সুপারশপে আকস্মিক হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করা হয়।
গোপালগঞ্জের তিনটি সংসদীয় আসনের সবকটিতেই এখন সংসদ সদস্যদের বাড়ি হামলার শিকার হলো। এর আগে গতকাল বুধবার রাতে গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবরের গোপালগঞ্জ শহরের বাসায় অগ্নিসংযোগ ও ভাঙচুর চালানো হয়। তারও আগে গত মঙ্গলবার রাতে জেলার টুঙ্গিপাড়ায় গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
একদিকে থানা ও সংসদ সদস্যদের বাড়িতে অগ্নিসংযোগ এবং অন্যদিকে ঢাকা-খুলনা মহাসড়ক গাছ ফেলে অবরোধ করে রাখায় গোপালগঞ্জ জেলাজুড়ে চরম আতঙ্ক ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। জনজীবন কার্যত স্থবির হয়ে পড়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে।

