অর্থ আত্মসাৎ ও পাচার মামলায় সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ১৫ ও স্ত্রীর ১০ বছরের কারাদণ্ড

0
অর্থ আত্মসাৎ ও পাচার মামলায় সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ১৫ ও স্ত্রীর ১০ বছরের কারাদণ্ড

আদালত প্রতিবেদকঃ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবিএল) থেকে ২৫ কোটি টাকা আত্মসাৎ ও বিদেশে পাচারের দায়ে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদকে ১৫ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫০ কোটি টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় তার স্ত্রী ও ইউসিবিএলের সাবেক চেয়ারম্যান রুকমীলা জামানকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ মিজানুর রহমান জনাকীর্ণ আদালতে এই আলোচিত রায় ঘোষণা করেন। রায়ে মামলার মোট ৩৬ জন আসামির মধ্যে ১৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং অভিযোগ প্রমাণিত না হওয়ায় ১৯ জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর (পিপি) মোকাররম হোসেন রায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, সন্দেহাতীতভাবে অর্থ আত্মসাৎ ও মানি লন্ডারিংয়ের অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত সাইফুজ্জামান চৌধুরী জাবেদকে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে ১০ বছর এবং অর্থ আত্মসাতের অভিযোগে ৫ বছরসহ মোট ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন। এর পাশাপাশি তাকে আত্মসাৎকৃত অর্থের দ্বিগুণ অর্থাৎ ৫০ কোটি টাকা জরিমানা করা হয়েছে।

অন্যদিকে, তার স্ত্রী রুকমীলা জামানকে পৃথক দুটি ধারায় ৫ বছর করে মোট ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন বিচারক।

রায়ে রুকমীলা জামান ছাড়াও ব্যাংকের সাবেক পরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তাসহ আরও ১৫ জনকে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। তারা হলেন— মোহাম্মদ একরাম উল্লাহ, আবদুল হামিদ চৌধুরী, মোহাম্মদ মিছবাহুল আলম, আবদুল আজিজ, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মোহাম্মদ হোছাইন চৌধুরী, ইয়াছিনুর রহমান, ইউছুফ চৌধুরী, সাইফুল ইসলাম, বজল আহমেদ বাবুল, এম এ সবুর, সাবেক পরিচালক বশির আহমেদ, সৈয়দ কামরুজ্জামান, শাহ আলম ও ব্যাংকের সাবেক এজিএম উৎপল পাল।

দুদক সূত্রে জানা যায়, ইউসিবিএল থেকে ভুয়া প্রতিষ্ঠানের নামে ২৫ কোটি টাকা ঋণ অনুমোদন করিয়ে তা আত্মসাৎ ও বিদেশে পাচারের অভিযোগে ২০২৫ সালের ২৪ জুলাই দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মশিউর রহমান বাদী হয়ে চট্টগ্রাম জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করেন। শুরুতে মামলায় জাবেদ, তার স্ত্রী ও ভাইবোনসহ ৩১ জনকে আসামি করা হয়েছিল। দীর্ঘ তদন্ত শেষে চলতি বছরের ৫ জানুয়ারি তদন্ত কর্মকর্তা মশিউর রহমান চট্টগ্রাম মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন।

রায় ঘোষণার সময় আদালতে মাত্র চারজন আসামি উপস্থিত ছিলেন, যাদের মধ্যে একজন খালাস পেয়েছেন। মামলার প্রধান আসামি সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তার স্ত্রী রুকমীলা জামান ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই পলাতক রয়েছেন। তাদের অনুপস্থিতিতেই (পলাতক দেখিয়ে) মামলার বিচারকাজ সম্পন্ন হয়।

রায় ঘোষণার পর আসামিপক্ষের আইনজীবী প্রকৃতি চৌধুরী ছোটন প্রতিক্রিয়ায় বলেন, “এই রায়ে আমরা সংক্ষুব্ধ। ন্যায়বিচারের স্বার্থে পূর্ণাঙ্গ রায়ের কপি পাওয়ার পর আমরা উচ্চ আদালতে (হাইকোর্টে) আপিল আবেদন করব।”