টাঙ্গুয়ার হাওরের সম্পদ লুটলে রেহাই নেই, কঠোর হচ্ছে আইন

0
টাঙ্গুয়ার হাওরের সম্পদ লুটলে রেহাই নেই, কঠোর হচ্ছে আইন

তাহিরপুর প্রতিনিধি: প্রাকৃতিক সৌন্দর্য, বিপুল মৎস্যসম্পদ ও জীববৈচিত্র্যের আধার টাঙ্গুয়ার হাওর।কিন্তু অবৈধভাবে মাছ আহরণ,পাখি শিকার, জলজ বন ধ্বংস ও প্রাকৃতিক সম্পদ লুটপাটের কারণে হাওরের পরিবেশ ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে।এ অবস্থায় টাঙ্গুয়ার হাওরের সম্পদ রক্ষা এবং অবৈধ কর্মকাণ্ড নিয়ন্ত্রণে নতুন আইন ও সুরক্ষা আদেশ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। আইন অমান্য করলে কোন অপরাধে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে, তা তুলে ধরে সংশ্লিষ্টদের সতর্ক করেছেন বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের পরিচালক (উপসচিব) শঙ্কর কুমার বিশ্বাস।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা কনফারেন্স হল রুমে বাংলাদেশ হাওর ও জলাভূমি সংরক্ষণ আইন, ২০২৬’ এবং ‘টাঙ্গুয়ার ও হাকালুকি হাওর সুরক্ষা আদেশ’ বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত সচেতনতামূলক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বিষয় তুলে ধরেন।তাহিরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে এবং বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের সহযোগিতায় অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপামনি দেবী।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে হাওর ও জলাভূমি সংরক্ষণ আইন এবং সুরক্ষা আদেশের বিভিন্ন বিধান উপস্থিত ব্যক্তিদের সামনে বিস্তারিতভাবে তুলে ধরেন। হাওরের জলাভূমি দখল ও ভরাট, নিষিদ্ধ জাল ও বৈদ্যুতিক শক দিয়ে মাছ ধরা, পাখি শিকার, জলজ বন ধ্বংস,অবৈধভাবে বালু-পাথর উত্তোলনসহ বিভিন্ন অপরাধের ক্ষেত্রে কোন আইনের কোন বিধান প্রয়োগ করা হবে, তা ব্যাখ্যা করেন।পাশাপাশি আইন লঙ্ঘন করলে সংশ্লিষ্ট বিধান অনুযায়ী কী ধরনের আইনগত ব্যবস্থা নেওয়া হবে, সে বিষয়েও ধারণা দেন তিনি। তিনি হাওরের প্রাকৃতিক সম্পদ রক্ষায় শুধু আইন প্রণয়ন নয়, এর যথাযথ প্রয়োগ নিশ্চিত করা এবং স্থানীয় জনগোষ্ঠীকে সংরক্ষণ কার্যক্রমে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেন।

কর্মশালায় বক্তব্য রাখেন সিএনআরএসের প্রকল্প উন্নয়ন কর্মী ছাইফুল চৌধুরী,হাওর ও নদী রক্ষা আন্দোলনের তাহিরপুর উপজেলা শাখার সভাপতি সারোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক হাসান খান এবং হাওর বাঁচাও আন্দোলনের তাহিরপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক তোজাম্মিল হক নাসরুম।

এ সময় উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিএমএসআর আলিফ, টাঙ্গুয়ার হাওর কেন্দ্রীয় সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সভাপতি খসরুল আলম,সাধারণ সম্পাদক বজলুর রহমান ও কোষাধ্যক্ষ আনোয়ার হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

হাওর রক্ষায় প্রয়োজন কার্যকর উদ্যোগ টাঙ্গুয়ার হাওর শুধু সুনামগঞ্জের নয়, এটি দেশের অন্যতম গুরুত্বপূর্ণ জীববৈচিত্র্যসমৃদ্ধ জলাভূমি এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত রামসার সাইট। হাওরের মাছ, পাখি,জলজ উদ্ভিদ ও বন একে অপরের সঙ্গে নিবিড়ভাবে সম্পর্কিত। এসব প্রাকৃতিক সম্পদের কোনো একটি ক্ষতিগ্রস্ত হলে পুরো প্রতিবেশব্যবস্থার ওপর নেতিবাচক প্রভাব পড়ে।কিন্তু অবৈধভাবে মাছ আহরণ,নিষিদ্ধ জালের ব্যবহার,পাখি শিকার,জলজ বন ধ্বংস, অপরিকল্পিত পর্যটন ও প্রাকৃতিক সম্পদের অনিয়ন্ত্রিত আহরণ হাওরের পরিবেশের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এসব কর্মকাণ্ড বন্ধে নতুন আইন ও সুরক্ষা আদেশের যথাযথ বাস্তবায়ন জরুরি।এ ক্ষেত্রে নিয়মিত নজরদারির পাশাপাশি আকস্মিক অভিযান,অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং হাওরের ওপর নির্ভরশীল স্থানীয় জনগোষ্ঠীকে সংরক্ষণ কার্যক্রমে সম্পৃক্ত করতে হবে। বিশেষ করে অবৈধ মৎস্য আহরণ ও পাখি শিকারের সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা প্রয়োজন। একই সঙ্গে মৎস্যজীবী সমিতিগুলোকে দায়িত্বশীল ব্যবস্থাপনায় সম্পৃক্ত করে বিলভিত্তিক পরিকল্পিত মৎস্যসম্পদ সংরক্ষণের উদ্যোগ নেওয়া যেতে পারে।

সংশ্লিষ্টদের মতে,শুধু সচেতনতামূলক কর্মশালা কিংবা আইন সম্পর্কে ধারণা দেওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকলে হাওরের কাঙ্ক্ষিত সুরক্ষা নিশ্চিত হবে না। প্রয়োজন আইনের নিরপেক্ষ প্রয়োগ, প্রশাসনের নিয়মিত তদারকি এবং স্থানীয় মানুষের সক্রিয় অংশগ্রহণ।টাঙ্গুয়ার হাওরের প্রাকৃতিক সম্পদ রক্ষায় প্রশাসন, সমবায় সমিতি,পরিবেশবাদী সংগঠন ও স্থানীয় জনগোষ্ঠীর সম্মিলিত উদ্যোগই পারে হাওরের জীববৈচিত্র্য ও পরিবেশের ভারসাম্য ধরে রাখতে।