শাহজাদপুরে করতোয়া নদীতে ডুবে যাওয়ার ১৮ ঘন্টা পর যুবকের লাশ উদ্ধার

0
শাহজাদপুরে করতোয়া নদীতে ডুবে যাওয়ার ১৮ ঘন্টা পর যুবকের লাশ উদ্ধার

শাহজাদপুর প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নরিনা খেয়াঘাট সংলগ্ন করতোয়া নদীতে গোসলে নেমে নিখোঁজ হওয়া মাহফুজুর রহমান প্রিন্স (৩৫) নামে এক যুবকের লাশ প্রায় ১৮ ঘন্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। মৃত প্রিন্স ঢাকা এয়ারপোর্ট থানা এলাকার আব্দুল বারেকের ছেলে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৭টায় দ্বিতীয় দফায় উদ্ধার অভিযানের দেড় ঘন্টা পর সকাল সাড়ে ৮ টার দিকে ওই যুবকের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। শাহজাদপুর ফায়ার সার্ভিসের স্টেশনের অফিসার ইনচার্জ পারভেজ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এলাকাবাসী জানায়, মাহফুজুর রহমান প্রিন্স তার ৪ বন্ধুকে নিয়ে ঢাকা থেকে শাহজাদপুর উপজেলার সাতবাড়িয়া গ্রামে নানার বাড়িতে বেড়াতে আসে। বুধবার (১৮ নভেম্বর) বেলা দেড়টার দিকে সে বন্ধুদের সাথে করতোয়া নদীতে গোসল করতে নামে। এ সময় নদীতে সাঁতার কেটে বন্ধুরা তীরে উঠতে সক্ষম হলেও প্রিন্স নদীতে তলিয়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ও থানা পুলিশ এলাকাবাসীর সহযোগিতায় প্রায় ৪ ঘন্টা খোঁজাখুঁজি করেও ওই যুবককে উদ্ধার করতে ব্যর্থ হয়। পরে হায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়। এদিন সন্ধ্যা ৭টার দিকে রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরী দল ঘটনাস্থলে এসে প্রায় এক ঘণ্টা উদ্ধার অভিযান চালিয়েও নিখোঁজ যুবকের সন্ধান না পেয়ে উদ্ধার অভিযান স্থগিত রাখেন। পরদিন বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৭টায় ডুবুরি দল পুনরায় উদ্ধার অভিযান শুরু করে। প্রায় দেড় ঘন্টা পর ডুবুরি দল ওই যুবকের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়।

এ বিষয়ে বৃহস্পতিবার শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, থানা পুলিশের উপস্থিতিতে ডুবুরি দল ওই যুবকের মরদেহ উদ্ধার করে। তিনি আরো জানান, আইনী প্রক্রিয়া শেষে নদী থেকে উদ্ধার করা যুবকের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।