মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের ঘটকচরে গ্রামীণ ব্যাংকের শাখায় দুটি পেট্রোলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। শনিবার দিবাগত রাত আনুমানিক ১২টা থেকে ১টার মধ্যে এ ঘটনা ঘটে। তবে বোমা দুটি বিস্ফোরিত না হওয়ায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। নাইট গার্ডের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত ১২টা থেকে ১টার মধ্যে কে বা কারা কেন্দুয়া ইউনিয়নের ঘটকচরে অবস্থিত গ্রামীণ ব্যাংকের শাখার ভেতরে দুটি পেট্রোলবোমা নিক্ষেপ করে। এর মধ্যে একটি বোতল ভেঙে গেলেও বিস্ফোরণ ঘটেনি। ব্যাংকের নাইট গার্ডের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
বোমা দুটি বিস্ফোরিত না হওয়ায় ব্যাংকের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। তবে গভীর রাতে ব্যাংকের ভেতরে পেট্রোলবোমা নিক্ষেপের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে।
ঘটনা সত্যতা স্বীকার করে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, “শনিবার গভীর রাতে গ্রামীণ ব্যাংকের ভেতরে দুটি পেট্রোলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা । এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। একটি বোতল ভেঙে গেলেও বিস্ফোরিত হয়নি। এ ঘটনায় তদন্ত চলছে। গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষ অভিযোগ দিলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

