নরসিংদী প্রতিনিধি: গণ-অভ্যুত্থানে পতিত এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দলকে দেশের জনগণ আগামী এক হাজার বছরেও আর রাজনীতি করার সুযোগ দেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ (সদর) আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন।
রোববার (২২ নভেম্বর) বিকেলে নরসিংদী পৌরসভার সামনে নরসিংদী সদর উপজেলা বিএনপি আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কথিত ‘আগুন সন্ত্রাস ও নৈরাজ্য’ সৃষ্টির প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে দেওয়া বক্তব্যে খায়রুল কবির খোকন অভিযোগ করে বলেন, সারা দেশ থেকে ভাড়া করা দুর্বৃত্ত ও সন্ত্রাসীদের জড়ো করে গোপালগঞ্জে তাণ্ডব চালানো হয়েছে। দুষ্কৃতকারীরা টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানায় হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর এবং অগ্নিসংযোগ করেছে। এ ছাড়া গত নির্বাচনে গোপালগঞ্জ থেকে বিপুল ভোটে বিজয়ী বিএনপির দুই সংসদ সদস্য—জিলানি এবং সেলিমুজ্জামান সেলিমের বাড়িতেও ভাঙচুর ও অগ্নিসংযোগ চালানো হয়েছে বলে তিনি উল্লেখ করেন। পাশাপাশি নড়াইলে বিএনপির দুজন এবং ফরিদপুরে একজন নেতাকর্মীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে বলেও তিনি দাবি করেন।
দলের নেতাকর্মীদের শান্ত থাকার আহ্বান জানিয়ে বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, আওয়ামী লীগের লোকজন সারা দেশে বিচ্ছিন্নভাবে চোরাগুপ্তা হামলা, ককটেল বিস্ফোরণ এবং যানবাহনে অগ্নিসংযোগ করে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। তবে তারা যতই বিশৃঙ্খলা করুক না কেন, বিএনপির কোনো নেতাকর্মী আইন হাতে তুলে নেবে না। সাধারণ জনগণকে সাথে নিয়ে তাদের অপতৎপরতা প্রতিহত করা হচ্ছে এবং আগামীতেও রাজপথে থেকে সকল ষড়যন্ত্র প্রতিহত করা হবে।
নরসিংদী জেলা বিএনপির সহসভাপতি একে এম গোলাম কবির কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বিক্ষোভ সমাবেশে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি ভিপি জলিল, হারুন অর রশিদ, বিজি রশিদ নওশের, যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন হোসাইন বিদ্যুৎ, জেলা কৃষক দলের সদস্য সচিব দীপক কুমার বর্মন প্রিন্স এবং জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

