১০০ ক্ষেপণাস্ত্র তৈরির রাসায়নিকসহ বাংলাদেশগামী জাহাজ ইন্দোনেশিয়ায় জব্দ

0
১০০ ক্ষেপণাস্ত্র তৈরির রাসায়নিকসহ বাংলাদেশগামী জাহাজ ইন্দোনেশিয়ায় জব্দ

আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রার বেলাওয়ান জলসীমায় বিপুল পরিমাণ বিস্ফোরক তৈরির রাসায়নিকসহ চীন থেকে বাংলাদেশগামী একটি কার্গো জাহাজ জব্দ করেছে দেশটির নৌবাহিনী। কমোরোসের পতাকাবাহী ‘এমভি স্টার লাইন’ নামের ওই জাহাজের ৩৬টি কনটেইনারের মধ্যে ১৫টিতে মোট ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট পাওয়া গেছে বলে দাবি করেছে ইন্দোনেশীয় কর্তৃপক্ষ। সামরিক বিশ্লেষণ ও নৌবাহিনীর কর্মকর্তাদের হিসাব অনুযায়ী, এই বিপুল পরিমাণ রাসায়নিক দিয়ে সম্ভাব্যভাবে ১০০টি পর্যন্ত ক্ষেপণাস্ত্র তৈরি করা সম্ভব।

ইন্দোনেশিয়ার সম্প্রচারমাধ্যম টিভিওয়ান নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে, গত ৭ নভেম্বর উত্তর সুমাত্রার বেলাওয়ান জলসীমায় জাহাজটি আটক করা হয়। তল্লাশিকালে ১৫টি কনটেইনারে ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট ছাড়াও লাখ লাখ খালি ৪জি এলটিই সিম কার্ড উদ্ধার করা হয়েছে। আন্তারা নিউজ জানিয়েছে, অভিযানের সময় জাহাজটির ৩৬টি কনটেইনারই জব্দ করা হয়।

দেশটির সংবাদমাধ্যম কুম্পারান নিউজ ও এএফইউ-এর তথ্যমতে, চীন থেকে বাংলাদেশের উদ্দেশে যাত্রা করা কার্গো জাহাজটির গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় নৌবাহিনী তাতে তল্লাশি চালায়। মূলত জ্বালানি সংগ্রহের উদ্দেশ্যে জাহাজটি বেলাওয়ানের জলসীমায় থেমেছিল বলে পরিদর্শনে উঠে আসে।

গত ২০ নভেম্বর আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইন্দোনেশিয়ার নৌবাহিনীর আঞ্চলিক কমান্ড কোডেরাল-১-এর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল ডেনি সেপ্টিয়ানা জানান, এমভি স্টার লাইন জাহাজের বেশ কয়েকটি প্রশাসনিক নথির মেয়াদ ২০২৬ সালের ৮ অক্টোবর শেষ হয়ে গিয়েছিল এবং সেগুলোর বৈধতা স্থগিত করা হয়েছিল। বিপজ্জনক রাসায়নিক পরিবহনের ক্ষেত্রে বিধি লঙ্ঘনের অভিযোগে জাহাজের ক্যাপ্টেন ও নাবিকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সোডিয়াম পারক্লোরেটের ব্যবহার ও ঝুঁকি প্রসঙ্গে রিয়ার অ্যাডমিরাল ডেনি বলেন, এটি একটি শক্তিশালী জারক রাসায়নিক, যা অন্যান্য উপাদানের সঙ্গে মিশিয়ে রকেটের জ্বালানি বা প্রপেল্যান্ট এবং শক্তিশালী বিস্ফোরক তৈরিতে কাজে লাগানো যায়। তাঁর দেওয়া হিসাব অনুযায়ী, প্রায় ৪ টন সোডিয়াম পারক্লোরেট দিয়ে একটি ক্ষেপণাস্ত্র তৈরি করা সম্ভব; সে হিসেবে ৪০৫ টন রাসায়নিক দিয়ে প্রায় ১০০টি ক্ষেপণাস্ত্র তৈরি করা যেতে পারে। যথাযথভাবে ব্যবস্থাপনা না করা হলে এটি ভয়াবহ নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে উল্লেখ করে তিনি বলেন, জাতীয় স্বার্থ ও নিরাপত্তার কথা বিবেচনায় নিয়েই এই অভিযান চালানো হয়েছে। তবে আটক ব্যক্তিদের বিরুদ্ধে নিয়ম লঙ্ঘনের অভিযোগ এখনো তদন্তাধীন রয়েছে এবং কেউ সরাসরি অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি।

ইন্দোনেশীয় নৌবহরের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল দেনিহ হেন্দ্রাতা জানান, সামুদ্রিক নজরদারি জোরদার ও সীমান্তবর্তী জলসীমায় অপরাধ দমনে বিভিন্ন সংস্থার সমন্বিত তৎপরতায় সুমাত্রায় চোরাচালানের দুটি প্রচেষ্টা নস্যাৎ করা হয়েছে। এমভি স্টার লাইন আটকের দুই দিন আগে, গত ৫ নভেম্বর আচেহ তামিয়াংয়ের কুয়ালা রাজা মুদা উপকূলে মাদক চোরাচালানের আরেকটি চেষ্টা ব্যর্থ করে দেন লোকসেউমাওয়ে নৌঘাঁটির সদস্যরা। ওই অভিযানে একটি বস্তার ভেতর চীনা টি-ব্যাগে মোড়ানো ২০টি প্যাকেটে ২০ দশমিক ০৭ কেজি ক্রিস্টাল মেথামফেটামিন উদ্ধার করা হয়।