শাহজাদপুর প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি নৌবন্দর সংলগ্ন বগুড়া -নগরবাড়ি মহাসড়কের বড়াল সেতুর উপর গরু বোঝাই নসিমনের ফ্রন্ট এক্সেল ভেঙে গাড়ি উল্টে গেলে বাবুল আক্তার (৫০ ) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত বাবুল আক্তার পাবনা জেলার ফরিদপুর উপজেলার চকচকিয়া গ্রামের মৃত আব্দুল মাজেদ প্রামানিকের ছেলে।
রবিবার (২২ নভেম্বর) সকাল ১০ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাবুল আক্তার ওই নসিমনের ড্রাইভারের পাশে বসেছিলেন । এছাড়াও এই ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে ।
ঘটনাস্থল ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গরু ব্যবসায়ী বাবুল আক্তার পাবনার ফরিদপুর থেকে ৮/৯ টি গরু নিয়ে নসিমনযোগে শাহজাদপুর উপজেলার তালগাছি গরুর হাটে যাচ্ছিলেন। একপর্যায়ে সকাল ১০ টার দিকে বাঘাবাড়ি নৌবন্দর সংলগ্ন বগুড়া- নগরবাড়ি মহাসড়কের বড়াল সেতুর উপর পৌছালে নসিমনের সামনের এক্সেল ভেঙে গেলে এই দুর্ঘটনা ঘটে।
শাহজাদপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার পারভেজ আহমেদ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় কর্তব্যরত চিকিৎসক বাবুল আক্তারকে মৃত বলে ঘোষণা করেন। এ বিষয়ে সিরাজগঞ্জের হার্টিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান দুর্ঘটনায় গরুর ব্যবসায়ীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

