গৌরীপুর প্রতিনিধিঃ ময়মনসিংহের গৌরীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বড় একটি রেন্ট্রি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় মো. ইউনুছ (৪৫) নামে এক চালক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় ট্রাকের হেলপারসহ আরও তিনজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে হেলপার আরিফের (২৫) অবস্থা গুরুতর।
রোববার (২২ নভেম্বর) ভোররাত ৩টার দিকে গৌরীপুর পৌরসভার সীমানা পেরিয়ে গুজিখাঁ এলাকার বিসমিল্লাহ ব্রিকস ফিল্ডের সামনে গৌরীপুর-কলতাপাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইউনুছ পঞ্চগড় সদর উপজেলার জগধর গ্রামের আব্দুর রউফের ছেলে। দুর্ঘটনায় তাঁর মাথায় গুরুতর আঘাত লাগে। আহত হেলপার আরিফের পায়ে গভীর কাটা জখম হয়েছে। এ ছাড়া ট্রাকে থাকা অপর দুই শ্রমিক সামান্য আহত হন। দুর্ঘটনাকবলিত ট্রাকটির নম্বর চুয়াডাঙ্গা-ট-১১-০৪০৭। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকটি পঞ্চগড় থেকে বালু নিয়ে গৌরীপুরে এসেছিল। বালু নামিয়ে খালি ট্রাক নিয়ে ফেরার পথে গুজিখাঁ এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় ট্রাকটি সড়কের পাশের একটি বড় রেন্ট্রি গাছে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং চালকসহ চারজন হতাহত হন।
খবর পেয়ে ভোর পৌনে ৪টার দিকে গৌরীপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত ও নিহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক চালক ইউনুছকে মৃত ঘোষণা করেন।
গৌরীপুর থানার সেকেন্ড অফিসার এসআই মোস্তাফিজ জানান, পুলিশ ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ তাঁদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি পুলিশের হেফাজতে রয়েছে। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, ট্রাকচালক নিয়ন্ত্রণ হারানোর কারণে এ দুর্ঘটনা ঘটেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ট্রাকের মালিকপক্ষ বা সংশ্লিষ্ট কেউ মামলা করতে চাইলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

