যশোর প্রতিনিধি: অবৈধ অনুপ্রবেশ, সীমান্ত পারাপার এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ও অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টসহ বাংলাদেশ-ভারত সীমান্তের বিস্তীর্ণ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি সূত্রে জানা গেছে, রোববার (২২ সেপ্টেম্বর) বিকেল ৫টা থেকে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের তত্ত্বাবধানে সীমান্তের স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে।
সরেজমিনে ও সীমান্তরক্ষী বাহিনী সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, বেনাপোল চেকপোস্ট, পুটখালী, গোগা, অগ্রভুলোট, ধান্যখোলা ও শালকোনা সীমান্তসহ সংলগ্ন এলাকাগুলোতে নিয়মিত টহলের পাশাপাশি অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। দিনের বেলার পাশাপাশি রাতের অন্ধকারেও যাতে কেউ অবৈধভাবে সীমান্ত অতিক্রম করতে না পারে, সেজন্য বাড়ানো হয়েছে গোয়েন্দা তৎপরতা ও আধুনিক নজরদারি। পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াতের ক্ষেত্রেও চেকপোস্ট এলাকায় বাড়তি তল্লাশি ও সতর্কতা অবলম্বন করা হচ্ছে।
সীমান্তের বর্তমান পরিস্থিতি ও নিরাপত্তা ব্যবস্থা প্রসঙ্গে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান গণমাধ্যমকে জানান, দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা বিনষ্ট করার লক্ষ্যে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নানা ধরনের অপপ্রচার চালাচ্ছে। দলটির নেতাকর্মী বা দোসররা যাতে কোনোভাবেই অবৈধ পথে দেশে প্রবেশ করতে কিংবা দেশ ছেড়ে পালাতে না পারে, সে বিষয়ে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
ব্যাটালিয়ন অধিনায়ক আরও উল্লেখ করেন, সীমান্ত দিয়ে যেকোনো ধরনের চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড রুখতে বিজিবির সদস্যরা দিনরাত অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করছেন। দেশের সার্বভৌমত্ব ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে সীমান্ত এলাকায় বিজিবির এই বিশেষ সতর্কতামূলক টহল ও কঠোর নজরদারি কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অব্যাহত থাকবে।

