আন্তর্জাতিক ডেস্কঃ দুই বছরের বেশি সময় ধরে ভারতে নির্বাসিত জীবন কাটানোর পর এবারই প্রথম দেশে ফেরার সুনির্দিষ্ট দিনক্ষণ ঘোষণা করলেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে তিনি বাংলাদেশে প্রত্যাবর্তন করতে চান। শুধু তা-ই নয়, দিল্লি থেকে ঢাকায় ফিরতে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজের ব্যবস্থা করতে বর্তমান সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী এ তথ্য নিশ্চিত করেন।
সৈয়দ মোজাম্মেল আলীর দেওয়া বিবৃতিতে উল্লেখ করা হয়, “২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশি উড়োজাহাজে করে শেখ হাসিনাকে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল। এখন তাকে দিল্লি থেকে ঢাকায় ফিরিয়ে আনার জন্য একইভাবে উড়োজাহাজের ব্যবস্থা করতে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের প্রতি আহ্বান জানাচ্ছেন তিনি।”
বিবৃতিতে আরও দাবি করা হয়, সংবিধানের পরিপন্থীভাবে তাকে নির্বাসনে পাঠানো হয়েছিল; তাই আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে তার নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করা সরকারেরই সাংবিধানিক দায়িত্ব।
শেখ হাসিনার দেশে ফেরার এই পরিকল্পনার সূত্রপাত হয় চলতি মাসের শুরুতে। ২০২৪ সালের আগস্টে ক্ষমতাচ্যুত হয়ে দিল্লিতে আশ্রয় নেওয়ার কয়েক মাসের মধ্যেই তার কূটনৈতিক ও সাধারণ পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বাতিল করা হয়েছিল।
সাম্প্রতিক তথ্য অনুযায়ী, গত ৯ নভেম্বর লন্ডনের ম্যাট্রিক্স চেম্বার্সের ব্যারিস্টার স্টিভেন পাউলস দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনারের কাছে শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যু করার জন্য আনুষ্ঠানিক আবেদনপত্র পাঠান। পরবর্তীতে ১৯ নভেম্বর এ বিষয়ে অগ্রগতি জানতে চেয়ে আরেকটি তাগাদাপত্রও জমা দেওয়া হয়। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন নথিপত্র সংগ্রহের এই উদ্যোগ শুরু হওয়ার পর থেকেই বাংলাদেশে রাজনৈতিক সহিংসতা ও অস্থিরতা কিছুটা বেড়েছে। গত সপ্তাহে তার সমর্থকদের বিক্ষোভ এবং ১৯ নভেম্বর দেশব্যাপী কর্মসূচির জেরে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
শেখ হাসিনার আজকের এই বিবৃতির বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। রয়টার্সের পক্ষ থেকে যোগাযোগ করা হলেও সরকারের একজন মুখপাত্র সাড়া দেননি।
তবে এর আগে গত রোববার (২২ নভেম্বর) বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সরকারের কঠোর অবস্থানের কথা স্পষ্ট করেন। তিনি জানান, মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা দেশে ফিরলে প্রচলিত আইন অনুযায়ী তাকে গ্রেপ্তার করে সরাসরি কারাগারে পাঠানো হবে। এছাড়া তাকে ফিরিয়ে আনতে উড়োজাহাজ পাঠানো বা প্রত্যর্পণের বিষয়ে ভারত সরকারের সঙ্গে ঢাকার কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি বলেও তিনি নিশ্চিত করেন।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান দমনে প্রাণঘাতী অভিযান চালানোর নির্দেশ দেওয়ার দায়ে গত বছরের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার অনুপস্থিতিতে তাকে মৃত্যুদণ্ডের সাজা দেন। জাতিসংঘের হিসাব অনুযায়ী, সেই রক্তক্ষয়ী অভ্যুত্থানে সর্বোচ্চ ১ হাজার ৪০০ মানুষ নিহত হয়েছিলেন। যদিও নির্বাসনে থাকা অবস্থায় বিবিসিসহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন।
বর্তমানে বাংলাদেশে শেখ হাসিনার রাজনৈতিক দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। এমন একটি সংবেদনশীল পরিস্থিতিতে তার দেশে ফেরার সুনির্দিষ্ট তারিখ ঘোষণা এবং রাষ্ট্রীয় বিমানের দাবি দেশের রাজনীতি ও আইনি অঙ্গনে নতুন করে বড় ধরনের অস্থিরতা ও মেরুকরণ তৈরি করতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন।
সূত্র: রয়টার্স ও দ্য হিন্দু

